বলা হয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো তার লিগ্যাসি (উত্তরাধিকার) দিয়ে এসেছেন আর্জেন্টাইন তরুণ লিওনেল মেসিকে। যিনি পরবর্তীতে নিজেকে মহাতারকার কাতারে নিয়ে গেছেন। বিশ্ব ফুটবলের সেরা তারকা-সংশ্লিষ্ট বিতর্কে তার সঙ্গে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও। তবে ব্রাজিল তারকা রোনালদিনিয়োর মতে– এখনও বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের প্রচারণামূলক কার্যক্রম এবং ব্যক্তিগত বিনিয়োগের কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক এই বার্সা ফরোয়ার্ড। সেখানে তিনি আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে–কে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সাক্ষাৎকার দিয়েছেন। রোনালদিনিয়ো খোলামেলা কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ, এমএলএস এবং মেসির প্রসঙ্গে।
বার্সেলোনায় তার রেখে আসা ১০ নম্বর জার্সি ক্রমান্বয়ে মেসি হয়ে এখন লামিনে ইয়ামালের গায়ে উঠেছে। যোগ্য ব্যক্তি তার উত্তরসূরী হয়েছেন বলে মনে করেন রোনালদিনিয়ো, ‘ইয়ামাল এখনও বেশ তরুণ হলেও ইতোমধ্যেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে এবং ভবিষ্যতে বিশ্বসেরাদের একজন হতে পারে।’ একইসঙ্গে মেসিকে এখনও বিশ্বের সেরা বলতে দ্বিধা নেই এই তারকার, ‘সে এখনও বিশ্বের সেরা খেলোয়াড়।’

বর্তমানে মায়ামিতে অবস্থানরত রোনালদিনিয়ো ব্যস্ত সূচির কারণে মেসির সঙ্গে নিয়মিত দেখা না হলেও সুযোগ পেলেই তারা সময় কাটান। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে মেসি যেন পুরো ফিট থেকে দুর্দান্ত পারফর্ম করতে পারেন এটাই তার প্রত্যাশা। এ ছাড়া বার্সেলোনা প্রসঙ্গে রোনালদিনিয়ো বলেন, ক্লাবটি এখনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল এবং সবসময় সুন্দর ফুটবল খেলার চেষ্টা করে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) নিয়েও ইতিবাচক ভাবনা তার। প্রতিনিয়ত এই লিগের জনপ্রিয়তা বাড়ছে উল্লেখ করে রোনালদিনিয়ো বলেন, ‘প্রতি বছরই লিগটির (এমএলএস) মান বাড়ছে এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের যেখানেই যাই না কেন, ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা সবসময়ই অনুপ্রাণিত করে।’

আসন্ন বিশ্বকাপের ফেভারিট কে এই বিতর্কে যাননি রোনালদিনিয়ো। একইসঙ্গে ব্রাজিলের পাশাপাশি প্রতিযোগী সব দলেরই সম্ভাবনা রয়েছে বলে দাবি তার, ‘ব্রাজিল গোলরক্ষক থেকে আক্রমণভাগ, সবমিলিয়ে শক্তিশালী এবং বিশ্বকাপে ভালো কিছু করার সামর্থ্য রাখে। শুধু ব্রাজিল নয়, এবারের বিশ্বকাপে সব দলই শক্তিশালী, তাই প্রতিযোগিতা দারুণ আকর্ষণীয় হবে।’
বিজ্ঞাপন
এএইচএস
