হারার আগেই হেরে গিয়েছিল লিভারপুল! কোচ আর্নে স্লটের ভাষ্য অনুযায়ী তেমন কিছুই হয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে অলরেডরা।
বিজ্ঞাপন
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম অর্ধে আট মিনিটের মধ্যে দুটি গোল হজম করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে পরের দুটি গোলও এসেছে সাত মিনিটের মধ্যে। ৩৯ থেকে ৫৭ মিনিটে হয়েছে সবগুলো গোল। এই সময়ে দলের যে পারফরম্যান্স তাতে লড়াই করার মানসিকতা খেলোয়াড়দের মাঝে খুঁজে পাননি স্লট।
দল কোথায় পিছিয়ে পড়েছে, সেটা বললেন লিভারপুল কোচ, ‘ওই ২০ মিনিটে, চার গোল হজমের সময় আমরা যেভাবে রক্ষণভাগ সামলেছি, সেটা একদমই ভালো ছিল না।’
বিজ্ঞাপন
ম্যানসিটির বিপক্ষে এমন পারফরম্যান্সে গোল খাওয়া স্বাভাবিক বললেন স্লট, ‘সবকিছুর প্রভাব ছিল। আমার মতে সবার আগে প্রচেষ্টার ব্যাপারটি আসে। আমাদের উচিত ছিল তাদের জন্য কাজটা আরও কঠিন করে তোলা, কারণ তারা এমনিতেই অনেক দক্ষ খেলোয়াড়। আর যদি দক্ষ খেলোয়াড়দের জন্য কাজ কঠিন করে তুলতে না পারলে সাথে সাথেই গোল হজম করতে হবে– যেটা আমরা চারবার দেখলাম।’
দ্বিতীয়ার্ধে দল যেন হাল ছেড়ে দিয়েছিল। কোচ বললেন, ‘দ্বিতীয়ার্ধের পরের ১০ মিনিটে আমাদের মাঝে লড়াই করার মানসিকতার নিশ্চিতভাবেই অভাব ছিল। এরপর ম্যাচটি এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে দুই দলই ৪-০ ফলাফল মেনে নিয়েছিল। ওই ১০-১৫ মিনিটের সময়ে আমাদের ডুয়েল জেতার, সবার আগে বলের কাছে পৌঁছানো বা প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর ইচ্ছাশক্তি— সবকিছুতেই ঘাটতি ছিল। বুধবারের ম্যাচে এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’
এফএইচএম/
