বিজ্ঞাপন

দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

অ+
অ-
দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যত নিয়ে কানাঘুষা চলছে অনেকদিন ধরেই। একইসঙ্গে বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে একাট্টা রয়েছেন ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ। যা আটকে থাকা ঘরোয়া লিগকেও অনিশ্চয়তায় ফেলেছে। এরই মাঝে বিসিবি নির্বাচন নিয়ে শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হবে গুঞ্জনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

আজ (রোববার) দুপুর দেড়টা নাগাদ বিসিবি প্রাঙ্গণে ক্রিকেটারদের সঙ্গে তার আলোচনা করার কথা রয়েছে। সেখানে থাকতে পারেন নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যরা। সেখানে ঠিক কী নিয়ে আলোচনা হবে সেটি স্পষ্ট নয়। তবে মাঝে দীর্ঘ সময় দেশে না থাকায় ক্রিকেটারদের সঙ্গে বুলবুল সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তাদের। সেই কমিটি আজ সকাল ১১টায় এনএসসিতে প্রতিবেদন জমা দেবে।

বিজ্ঞাপন

বিসিবি গতকাল (শনিবার) দুপুর থেকে ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকে বসেছিল। এরপর সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে আসন্ন সিরিজ, তিন ফরম্যাটের অধিনায়কদের মেয়াদ, নারী বিপিএল, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়া এবং সাকিব আল হাসানের ফেরাসহ নানা বিষয়ে কথা বলেন চার পরিচালক। তার আগে বৈঠক শেষেই পদত্যাগের ঘোষণা দেন বিসিবি পরিচালক ফায়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

এসএইচ/এএইচএস