মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত মাসে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জাসপ্রিত বুমরাহ ও সাঞ্জু স্যামসন। তাতেই সম্ভাব্য সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। মার্চের সেরার দৌড়ে তাদের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেন।
বিজ্ঞাপন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যেখানে বড় অবদান রেখেছেন স্যামসন। শেষ তিন ম্যাচে টানা ফিফটি করেছেন এই উইকেটকিপার ব্যাটার। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন তিনি। এবার মাস সেরার দৌড়েও মনোনয়ন পেলেন স্যামসন।
ব্যাট হাতে যেমন স্যামসন ভারতকে নেতৃত্ব দেন, তেমনি বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বুমরাহ। ফাইনালে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সাড়া ফেললেন কনর এস্তেহেইজেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে টানা ফিফটি করেছেন। দল সিরিজ জেতার সঙ্গে সিরিজ সেরার পুরস্কার পান এই তরুণ উইকেটকিপার ব্যাটার। আর এবার মনোনয়ন পেলেন মাস সেরার দৌড়ে।
বিজ্ঞাপন
এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা কাকা।
এইচজেএস
