সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচের আগে হ্যারি কেনের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত ছিল বায়ার্ন শিবির। তবে ইতোমধ্যেই কেটে গেছে সব শঙ্কা। গোড়ালির ইনজুরি কাটিয়ে বায়ার্ন মিউনিখের এই গোলমেশিন এখন পুরোপুরি প্রস্তুত। বায়ার্ন ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, ৩২ বছর বয়সী এই ইংলিশ অধিনায়ক দলের সঙ্গেই মাদ্রিদে যাচ্ছেন।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে ৪০ ম্যাচে ৪৮টি গোল ও পাঁচটি অ্যাস্টিস্ট করা কেন গত সপ্তাহে ফ্রেইবার্গের বিপক্ষে বায়ার্নের ৩-২ গোলের জয়ে অনুপস্থিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক বিরতির সময় গোড়ালিতে চোট পাওয়ায় তার বার্নাব্যু যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে স্কাই জার্মানির রিপোর্ট অনুযায়ী, সোমবার বায়ার্নের শেষ ট্রেনিং সেশনে কেনকে উৎফুল্ল মনে অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।
শুরু থেকেই হ্যারি কেনের ইনজুরির বিষয়টি রহস্য হিসেবে রেখেছিলেন কোচ ভিনসেন্ট কোম্পানি। অনেকে মনে করছেন, রিয়াল মাদ্রিদকে মনস্তাত্ত্বিক চাপে রাখতেই এই মাইন্ড গেম খেলেছে বায়ার্ন। তবে স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, ‘ফিজিওরা কাজ করছেন এবং আমাদের বিশ্বাস কেন ঠিক হয়ে যাবে।’
আসন্ন ম্যাচ নিয়ে বায়ার্ন ড্রেসিংরুমের আত্মবিশ্বাস যে কতটা তুঙ্গে, তা বোঝা যায় জশুয়া কিমিচের মন্তব্যে। সতীর্থের ইনজুরি নিয়ে আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে কিমিচ বলেন, ‘প্রয়োজন হলে ও (কেন) হুইলচেয়ারে বসেও রিয়ালের বিপক্ষে খেলবে। আমি নিশ্চিত মঙ্গলবার ও মাঠে থাকছে।’
বিজ্ঞাপন
বায়ার্ন মিউনিখ কোচ কোম্পানি রিয়াল ম্যাচের জন্য তার সেরা অস্ত্রদের সতেজ রাখতে ফ্রেইবার্গের বিপক্ষে জামাল মুসিয়ালা এবং আলফোনসো ডেভিসদের মতো তারকাদের শুরু থেকে খেলাননি। সবাইকে বিশ্রাম দিয়ে এখন পূর্ণ শক্তিতে রিয়ালের দুর্গে হানা দিতে চায় বাভারিয়ানরা।
এমএমএম/
