কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছেন না রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে কঠিন সময় পার করছেন বাংলাদেশের এই লেগস্পিন অলরাউন্ডার। ব্যাটারদের উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে তো ফেলতে পারছেন–ই না, বাউন্ডারি হজমের পরও টানা একই লাইন-লেন্থে বল ফেলছেন। ফলে ম্যাচপ্রতি বাজে পারফরম্যান্সে নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন রিশাদ। একইভাবে আসরে চার ম্যাচের সবকটিতেই হেরেছে তার দল রাওয়ালপিন্ডিজ।
বিজ্ঞাপন
আগের দিনের পারফরম্যান্স দেখে মনে হয়েছিল রিশাদ বুঝি পরের খেলার একাদশে থাকবেন না। তবে সর্বশেষ গতকালও (সোমবার) তার ওপর আস্থা রাখতে চেয়েছিল রাওয়ালপিন্ডিজ। তার প্রতিদান দিতে পারেননি, উল্টো এক ওভারে ৪ ছক্কা হজমের মাধ্যমে দলের হার প্রায় নিশ্চিত করে ছাড়েন! ৩ ওভারে উইকেটশূন্য থেকে দিয়েছেন ৪৬ রান। যা চলতি আসরে তার সবচেয়ে বাজে পারফরম্যান্স।
এর আগের তিন ম্যাচে রিশাদের বোলিং ফিগার ছিল– ৪ ওভারে ৩৫/১, ৪ ওভারে ৩৮/০ এবং ৩ ওভারে ৩৬/১। অবশ্য গতকাল করা ৩ ওভারে ৪৬/০ (ঘরোয়া টুর্নামেন্টে সবচেয়ে খরুচে বোলিং) এর বেশি খারাপ পারফরম্যান্সের নজির আছে রিশাদের। তবে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তার ফর্ম নিশ্চয়ই এমন কিছুর ইঙ্গিত দিচ্ছিল না। এর আগে লাহোরেই বাংলাদেশের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে দুদিনের ব্যবধানে ৪ ওভারে ৫৫ ও ৫০ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছিলেন রিশাদ। এ ছাড়া ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিলেও তার ৫৫ রান খরচের নজির আছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাওয়ালপিন্ডিজকে ২২ বল এবং ৭ উইকেট হাতে রেখে বড় ব্যবধানে হারিয়েছে মুলতান সুলতান্স। যেখানে আগে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডিজ ৮ উইকেটে ১৮২ রান তোলে। শুরু থেকে কার্যকর জুটি গড়তে ব্যর্থ মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি। ১৩ বলে ১৯ রানে রিজওয়ান এবং ইয়াসির ৫ রানের বেশি করতে পারেননি। মাঝে কামরান গুলাম ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫, আব্দুল্লাহ ফজল ৮ বলে ১৪ এবং ড্যারিল মিচেলও ১২ বলে ১৭ রানে দ্রুত ফিরলে চাপে পড়ে যান রিশাদরা।
বিজ্ঞাপন
এরপর স্যাম বিলিংস ও ডিয়ান ফরেস্টার দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ফরেস্টার ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৪ রানে ফিরলেও বিলিংস ৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রানে অপরাজিত ছিলেন। রিশাদ যথারীতি ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আগের ম্যাচের মতো ব্যাট হাতে ভূমিকা রাখার সুযোগ থাকলেও ফিরলেন ৩ বলে ১ রান করে। রাওয়ালপিন্ডিজকে ১৮২ রানে আটকে রাখার পথে মুলতানের পক্ষে ফয়সাল আকরাম সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় মুলতানের ফর্মে থাকা স্টিভেন স্মিথকে মাত্র ৫ রানে ফেরালেও, রাওয়ালপিন্ডির পরের সময়টা কেবলই ব্রেকথ্রু পাওয়ার দীর্ঘ অপেক্ষায় কেটেছে। সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপ মিলে গড়েন ১১৭ রানের জুটি। ফিলিপ ৩০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফারহান যখন ফিরছেন ততক্ষণে মুলতানের জয় প্রায় নিশ্চিত, বিশ্বকাপের সর্বোচ্চ এই রানসংগ্রাহক পিএসএলেও নিজের দারুণ ফর্ম দেখাচ্ছেন। এদিনও ৩৮ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করলেন ফারহান। এ ছাড়া শান মাসুদ ১৫ বলে ২৭ এবং অ্যাশটন টার্নার ১০ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেললে মুলতানের বড় জয় নিশ্চিত হয়।
চলতি পিএসএলে ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মুলতান। বিপরীতে রাওয়ালপিন্ডিতে চারে চার হার দেখল, ৮ দলের মধ্যে তাদের অবস্থান সপ্তম।
বিজ্ঞাপন
এএইচএস
