পিএসএলে ছোট্ট বিরতি পেয়েই দেশে ফিরে যান ডেভিড ওয়ার্নার। সেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হন অস্ট্রেলিয়ান ওপেনার। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনার পর কি দেশ ছেড়ে পাকিস্তানে করাচি কিংসের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি?
বিজ্ঞাপন
ওয়ার্নারের বিরুদ্ধে মাঝারি মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে ডাউনিং সেন্ট্রাল লোকাল কোর্টে হাজিরা দিতে হবে। এনিয়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং আইনি প্রক্রিয়ায় ওয়ার্নারকে সমর্থন দেবে।
এই গুরুতর অভিযোগের পরও ওয়ার্নার করাচি কিংসের স্কোয়াডে পুনরায় যোগ দিতে পারবেন। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, দেশ ছাড়ায় তার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। মানে তিনি পাকিস্তানে ফিরে পিএসএলে খেলা চালিয়ে যেতে পারবেন।
আগামীকাল (বৃহস্পতিবার) ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে করাচির পরের ম্যাচ। ওয়ার্নারকে এই ম্যাচেই নেতৃত্ব দিতে দেখা যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা ওয়ার্নারের পিএসএল ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। লিগের নিয়ম অনুযায়ী, সাধারণত একজন খেলোয়াড়ের দেশে ঘটে যাওয়া মাঠের বাইরের আইনি বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবে গণ্য করা হয়, যদি তা সরাসরি টুর্নামেন্টের ভাবমূর্তির ওপর প্রভাব না ফেলে।
বিজ্ঞাপন
তার মানে, ওয়ার্নারকে দলে নিতে বাধা নেই করাচির। পিএসএল মৌসুম শেষে দেশে ফিরে আইনি লড়াই লড়তে পারবেন অজি তারকা।
এফএইচএম/
