নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই সিরিজ সামনে রেখে দুই ভেন্যুর উইকেটের কাজ এগিয়ে চলছে সমান তালে। নতুন এডহক কমিটির গ্রাউন্ডস বিভাগ মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। আজ (শুক্রবার) বিসিবি কার্যলয়ে সভা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই বিষয়ে কথা বলেছেন।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই সিরিজে এমন উইকেট তৈরি করা হবে যেখানে স্বাগতিকদের সুবিধা থাকবে, একই সঙ্গে আন্তর্জাতিক মানও বজায় থাকবে। রফিকুল বলেন, ‘আমরা ভালো উইকেট চাই, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আন্তর্জাতিক মানে কোনো ঘাটতি রাখা হবে না।’
বৃষ্টির শঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড। তাই পানি নিষ্কাশন ব্যবস্থা, কাভারিং সিস্টেম এবং আউটফিল্ডের মানোন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সব ভেন্যুর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, ‘এগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী দুদিনের মধ্যে প্রত্যেকটি গ্রাউন্ডের, ঘরোয়া এবং আন্তর্জাতিক জন্য যে সমস্ত মাঠগুলো বাছাই করা হয়েছে—সেগুলোর কী কন্ডিশন, সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যদিও অল্প সময়, তবে আমাদের ইচ্ছা থাকলে আমরা ঠিক করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’
এসএইচ/এফএইচএম
