বিজ্ঞাপন

মাঠে ফেরার দিনই নতুন চোটে পড়লেন আর্জেন্টাইন তারকা

অ+
অ-
মাঠে ফেরার দিনই নতুন চোটে পড়লেন আর্জেন্টাইন তারকা

ফিফার মার্চ উইন্ডোতে আর্জেন্টিনার দুই ম্যাচে ছিলেন না ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। মাংসপেশির চোটের কারণে তিনি ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটিয়েছেন। গত রোববার ইন্টারের জার্সিতে ফেরার পর আবারও একই রকম চোটে পড়লেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যখন সন্নিকটে, তখন লাউতারোর মতো তারকার বারবার চোট চিন্তা বাড়াবে লিওনেল স্কালোনির।

বিজ্ঞাপন

রোববার ইতালিয়ান লিগ সিরি–আয় রোমাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছেন ইন্টার। যেখানে দলটির পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ। ওই ম্যাচের পরদিনই তিনি হাঁটুর নিচের মাংসপেশিতে চোট পেয়েছেন। গতকাল (শুক্রবার) লাউতারোর চোটের কথা নিশ্চিত করেছে ইন্টার। আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। যদিও ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে– নতুন করে পাওয়া চোটে আবারও ২ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এই আলবিসেলেস্তে তারকা।

সেই আশঙ্কা সত্যি হলে ইন্টারের পরবর্তী দুই ম্যাচে লাউতারো থাকছেন না। এর মধ্যে বিশেষ করে পয়েন্ট টেবিলের চারে থাকা কোমোর বিপক্ষে রোববারের ম্যাচটি গুরুত্বপূর্ণ। এরপর শুক্রবার ইন্টার লড়বে নিচের সারির দল কাগলিয়ারির বিপক্ষে। রোমার বিপক্ষে সর্বশেষ ম্যাচ জিতে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নাপোলির সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। ৩১ ম্যাচে লাউতারেদের পয়েন্ট ৭২।

dhakapost

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, ইন্টার মিলানের জন্য লাউতারোর অনুপস্থিতি যতটা না চিন্তার, তারচেয়ে বেশি উদ্বেগের কারণ হতে পারে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে নামার আর ৬৭ দিন বাকি। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চোট ছাড়াও লাউতারোর সাম্প্রতিক ফিটনেস নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সম্প্রতি এসিএল ইনজুরিতে জোয়াকিন পানিচেল্লির প্রথম বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে। লাউতারোর চোট তাই আরও বড় ভাবনায় ফেলতে পারে স্কালোনিকে।

বিজ্ঞাপন

এর আগে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বোডো/গ্লিমটের বিপক্ষে ইন্টার মিলানের বিদায় নিশ্চিত হওয়ার দিন চোটের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লাউতারো মার্টিনেজ। যে কারণে তাকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। এরপর ইন্টারের জার্সিতে সম্প্রতি মাঠে ফেরার দিনও তিনি পুরো ম্যাচ খেলেননি, ৬০ মিনিটে বদলি হয়ে চলে যান ডাগআউটে। তখনই ক্যামেরায় ধরা পড়ে বাঁ-পায়ে বরফ-প্যাক লাগানো হয়েছে লাউতারোর। সেটি ছিল সতর্কবার্তা, যা এখন নতুন ‘ক্লু’ হিসেবে হাজির হয়েছে।

এএইচএস