বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে নেইমার জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন। যদিও ব্রাজিলের শেষ দুটি ম্যাচের দলে তাকে রাখেননি কার্লো আনচেলত্তি। তাতে গুঞ্জন ওঠে, হয়তো তার জন্য বিশ্বকাপের দরজা বন্ধ করে দিয়েছেন ইতালি কোচ। তবে সেলেসাও সুপারস্টারকে তিনি আশার আলো দেখালেন।
বিজ্ঞাপন
এই বছরের বিশ্বকাপের জন্য ব্রাজিল ২৬ জনের স্কোয়াড ঘোষণা করবে মে মাসের মাঝামাঝি সময়ে। এই দলে নেইমারকে জায়গা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি আনচেলত্তি। বিশ্বকাপে খেলতে যে যোগ্যতা লাগে, তা প্রমাণ করতে তাকে দুই মাস সময় দিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে আনচেলত্তি সবসময় বলে আসছেন, কেবল সম্পূর্ণ ফিট থাকলেই তাকে খেলানো হবে। কিন্তু গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের দলে জায়গা পাননি। কারণ তার ফিটনেসে ঘাটতি দেখেছিলেন কোচ।
বিজ্ঞাপন
ফ্রান্সের কাছে ব্রাজিল ২-১ গোলে হেরে যাওয়ার পর বোস্টনে নেইমারের নামে স্লোগান উঠেছিল। আনচেলত্তি তার প্রতিক্রিয়ায় জানান, বর্তমান খেলোয়াড়দের দিকে সবার মনোযোগ দেওয়া উচিত।
তবে নেইমারের বিশ্বকাপে খেলার দরজা যে খোলা রেখেছেন আনচেলত্তি, সেটি জানালেন এক ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।
ফরাসি সংবাদপত্র লে’কিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, আর এটা খুবই স্বাভাবিক যে মানুষ মনে করছে, সে আমাদের আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’
বিজ্ঞাপন
তিনি নেইমারকে পর্যবেক্ষণ করছেন, ‘বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কি না, তা প্রমাণ করার জন্য তার হাতে আরও দুই মাস সময় আছে।’
৭৯ গোল করে ব্রাজিলের শীর্ষ গোলদাতা আসনে থাকা ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী আনচেলত্তি, ‘হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর নেইমার বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সে গোলও পাচ্ছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি ঘটাতে হবে। সে সঠিক পথেই আছে।’
এফএইচএম/
