২৩ বছর পর গত মৌসুমে ঢাকা মোহামেডান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়ন দলের অন্যতম কারিগর ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। চলতি ফুটবল মৌসুমের মাঝপথে আলফাজকে অব্যাহতি দিয়েছে মোহামেডান।
বিজ্ঞাপন
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে লিড নিয়ে হারের পর কোচ আলফাজককে নিয়ে অনেক সমালোচনা হয়। চলমান লিগে মোহামেডান ১২ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করে। সমর্থকদের দাবি, সাম্প্রতিক পারফরম্যান্স ও সামগ্রিক বিবেচনায় ক্লাবের ভবিষ্যত চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান প্রেস রিলিজে এমনটাই লিখেছে। আলফাজের সহকারী আব্দুল কাইয়ুম সেন্টু ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে মৌসুমের বাকি সময় পরিচালনা করবেন।
মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার পর কর্মকর্তারা অনেক ফুলঝুরি ফুটিয়েছিলেন। অথচ ভালো মানের দল তো পড়ের কথা, অধিনায়ক সুলেমান দিয়াবাতেকেও রাখতে পারেনি। এমনকি খেলোয়াড়েরা বেতন পায়নি অনেক দিন। কোচিং স্টাফরা নিজেরা বেতন না নিয়ে ফুটবলারের অনুশীলন করিয়েছেন দিনের পর দিন।
প্রেস রিলিজে পরিচালক ক্রীড়া মোস্তাকুর রহমানের স্বাক্ষর থাকলেও মোহামেডান ক্লাবের প্রধান নীতি নির্ধারকদের একজন ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুইয়া। দলের মান, নানা প্রতিকূলতার পরও ২৩ বছর পর সাফল্য আনা কোচকে বিদায়ের সিদ্ধান্তকে ক্লাবের সামগ্রিক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, 'তার (কোচ আলফাজ) অবদান ও সাফল্য অবশ্যই রয়েছে তবে বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক বিবেচনায় ক্লাবের কাছে উন্নয়ন ও প্রয়োজনের স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
বিজ্ঞাপন
হেড কোচের পাশাপাশি টিম লিডার পদেও পরিবর্তন এসেছে। সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে টিম লিডার করা হয়েছে। ক্রীড়াঙ্গনে আলোচনাই ছিল, লোকমান হোসেন ভুইয়া মোহামেডানে বড় পদে ফিরলে বাবু আবার ফুটবল দলে বড় পদে আসবেন। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের এক মাস পরই এটা ঘটল।
মোহামেডান ক্লাব সাফল্যবান কোচ আলফাজকে অপসারণে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ছাড়াও সমর্থকদের বিষয় উল্লেখ করেছে। কোচ বিদায়ে সমর্থকদের চাপ ও প্রত্যাশাকে ঢাল হিসেবে দেখালেও যখন সমর্থকরা ভালো দল গঠন কিংবা টানা ব্যর্থতার জন্য কর্মকর্তা, পরিচালকদের সমালোচনা করেন তখন নিজেরা পদত্যাগ তো দূরের কথা দুঃখও সেভাবে প্রকাশ করেন না।
এজেড/এইচজেএস
