ডাকাতের কবলে পড়েছে ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির বাস। তাদের গুলিতে ডমিনিক ফ্রিমপং নামে ২০ বছর বয়সী এক ফুটবলার প্রাণ হারিয়েছেন। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ঘরোয়া প্রতিযোগিতার ক্লাবগুলোর ভ্রমণে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিজ্ঞাপন
গত রোববার দক্ষিণ ঘানার সামরবয়ে সামারটেক্স ক্লাবের বিপক্ষে খেলা ছিল বেরেকুম চেলসির। ওই ম্যাচ খেলে ফেরার পথে বেরেকুমের ফুটবলারবাহী বাস হামলার শিকার হয়। বাসটির চালক পরিস্থিতি টের পেয়ে পেছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি শুরু করে। সেখানে গুলিতে আহত ফরোয়ার্ড ফ্রিমপংকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার হলে তার মৃত্যু হয়।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘চালক বাসটি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করলে বন্দুক ও অ্যাসল্ট রাইফেল হাতে মুখোশধারী ব্যক্তিরা আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় আত্মরক্ষার জন্য কাছের ঝোপঝাড়ে পালিয়ে যায় খেলোয়াড় ও কর্মীরা।’
বিজ্ঞাপন
এ ছাড়া ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, ‘এই মর্মান্তিক ঘটনাটি শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং সমগ্র ঘানার ফুটবলের জন্যও এক বিরাট ক্ষতি। ডমিনিক ছিলেন একজন সম্ভাবনাময় তরুণ প্রতিভা, খেলার প্রতি যার নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের চেতনারই প্রতিচ্ছবি ছিল।’
এএইচএস
