চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ডেভিড পেইন। পায়ের চোটের কারণে আইপিএল মিস করা অস্ট্রেলিয়ান পেসার জ্যাক এডওয়ার্ডের বদলি হিসেবে পেইনকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন পেইন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে ২ উইকেট শিকার করেন তিনি। অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।
পেইনের চোটে বেশ বিপদে পড়েছে হায়দরাবাদ। কারণ এর আগে চোটে ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্সও ছিটকে গেছেন। আসরে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি। অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি। তার বদলি হিসেবে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
এমন দুসংবাদের মধ্যেও হায়দরাবাদের জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে প্যাট কামিন্সের ফেরার সম্ভাবনা। দলে যোগ দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ছাড়পত্র পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আশা করা হচ্ছে, ২৫ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন তিনি।
এইচজেএস
