বাংলাদেশ ফুটবল লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট হারিয়েছে। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মুন্সিগন্জে। বসুন্ধরা কিংসের ড্রয়ের দিন পয়েন্ট হারিয়েছে ফর্টিজও। কিংস অ্যারেনায় তারা আরামবাগের বিপক্ষে ড্র করেছে।
বসুন্ধরা কিংস চলতি মৌসুমে নানা সংকটে রয়েছে। পারিশ্রমিক জটিলতায় ফুটবলারদের অসন্তোষ চলছে। আজ কিংসের বিদেশি ফুটবলাররা খেলেননি। এরপরও রহমতগঞ্জের বিপক্ষে এক গোল লিড নেয়। রহমতগঞ্জ গোল করলে খেলায় সমতা আসে। বসুন্ধরা কিংস ম্যাচের শেষ দিকে রহমতগঞ্জের ওপর চাপ প্রয়োগ করলেও গোল আসেনি। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়।
বসুন্ধরা কিংস পয়েন্ট হারানোর দিনে সুবিধা করতে পারেনি ফর্টিজ। হোম ম্যাচে ফর্টিজ আরামবাগের বিপক্ষে কোনো গোলই করতে পারেনি তারা। গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচ। ১৩ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ২৮ আর ফর্টিজ ড্র করে ২৪ পয়েন্টে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে।

ঢাকা আবাহনী আজ পুলিশকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়ায়। শেখ মোরসালিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৫, সমান ম্যাচে পুলিশের পয়েন্ট ১৬। রহমতগঞ্জ ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে।
আলফাজকে বিদায় করা মোহামেডান নতুন কোচের অধীনে আজকের ম্যাচে জয়ের দেখা পেয়েছে। ফকিরেরপুলের বিপক্ষে জয়ে ১৪ পয়েন্টে ছয় নম্বরে তারা। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল সবার নিচে।
এজেড/এফআই
