বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সারির দল খেলানোর ভাবনা ভারতের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সারির দল খেলানোর ভাবনা ভারতের

আগামী ৩১ মে পর্দা নামবে চলমান আইপিএলের। এরপর দিন পাঁচেক পরই তথা আগামী ৬ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে ভারতের একটি টেস্ট রয়েছে। ধকল সামলাতে সেই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম সারির ক্রিকেটারদের। দ্বিতীয় সারির দল নিয়েই আফগানদের মুখোমুখি হতে পারে ভারত। 

আইপিএলের মতো এত দীর্ঘ এক প্রতিযোগিতার পর ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কারণ, আইপিএলের পর ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের ওপর নজর তাদের।

আইপিএল শেষ হওয়ার পর মাত্র ছ’দিনের মধ্যে একটি টেস্ট ফেলায় বিরক্ত গম্ভীররা। তা ছাড়া আফগানিস্তান টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। ফলে সেই টেস্টের ফলের ওপর কিছু নির্ভর করছে না। সেই কারণেই তারকাদের নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট।

‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ভারতীয় ক্রিকেট দলের এক সূত্র বলেছে, “আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে বেশি দিনের তফাৎ নেই। তাই নির্বাচকরা ও ম্যানেজমেন্ট ক্রিকেটারদের ওপর ধকল বাড়াতে চাইছেন না। কারণ, সেই টেস্টের পর তিনটি একদিনের ম্যাচ ও তারপর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ রয়েছে। গোটা বছর খেলা থাকায় তারকা ক্রিকেটারদের ধকলের দিকে নজর রাখা হবে।”

জানা গিয়েছে, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল ও মোহাম্মদ সিরাজসহ বেশ কিছু ক্রিকেটারকে আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। এর বদলে গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব নবি, দেবদত্ত পাডিক্কল, সরফরাজ খানের মতো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া ক্রিকেটারদের সেই টেস্টে খেলানো হতে পারে।

তবে সবটাই নির্ভর করছে আইপিএলের ওপর। যদি গুজরাট ও মুম্বাই প্লে-অফে উঠতে না পারে, তাহলে আফগানিস্তান টেস্টের আগে পর্যাপ্ত বিশ্রাম পাবেন শুভমান, বুমরাহরা। সে ক্ষেত্রে তাদের খেলানোও হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের ওপর।

এফআই