চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেননি মুস্তাফিজুর রহমান। তবে শেষ ওয়ানডেতে আজ মাঠে ফিরেই নিয়েছেন ৫ উইকেট। দারুণ পারফর্ম করলেও তার ফিটনেস কিছুটা শঙ্কা থাকায় পিএসএলের বাকি অংশের জন্য এই পেসারের এনওসি বাতিল করেছে বিসিবি।
মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে দলের মেডিকেল টিম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মুস্তাফিজের শারীরিক অবস্থা বিস্তারিত পর্যালোচনার জন্য তাৎক্ষণিকভাবে একটি স্ক্যান করা হবে এবং এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
তাই মুস্তাফিজকে পিএসএল খেলার জন্য পূর্বে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। তিনি পিএসএলের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।
এ ছাড়া বিসিবি আরও জানিয়েছে যে, পেসার নাহিদ রানাকেও পিএসএল ২০২৬ এর বাকি অংশের জন্য ছাড়পত্র দেওয়া হবে না। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এসএইচ/এইচজেএস
