সাহসের সঙ্গে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য, দুটির মিশেলে বৈভব সূর্যবংশী ক্রিকেটভক্তদের হৃদয় কেড়ে চলেছেন প্রতিনিয়ত। ১৫ বছর বয়সী এই ব্যাটার রাজস্থান রয়্যালসের জার্সিতে আরও একবার তান্ডব চালালেন আইপিএলে। যদিও তার ৩৬ বলে সেঞ্চুরির সেই বীরত্ব শেষ পর্যন্ত উজ্জ্বল থাকেনি। আলো কেড়ে নিয়েছেন ইশান কিষাণ-অভিষেক শর্মারা, ফলে রাজস্থানকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ৬ উইকেটে ২২৮ রান তোলে। যা আইপিএলের প্রথম ইনিংসে ব্যাট করে ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কিন্তু সেই পুঁজিটাকে জয়ের জন্য অপর্যাপ্ত প্রমাণ করেছে হায়দরাবাদ। তারা ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিয়েছে।
এর আগে ঝড়ের গতিতে রান তোলার ম্যারাথনে নামে রাজস্থান। প্রফুল হিঞ্জের করা প্রথম ওভারে টানা ৪ বলে ছক্কা হাঁকান সূর্যবংশী। তিনিই প্রথম ব্যাটার হিসেবে আইপিএলের প্রথম ওভারে ৪টি ছয় মারলেন। যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও তরুণ এই ওপেনার পেছনে ফিরতে দেননি রাজস্থানকে। ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে গড়েন ১১২ রানের জুটি। এরই মাঝে আইপিএলের চতুর্থ দ্রুততম (২৬ ইনিংসে) ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলক পূর্ণ হয় সূর্যবংশীর। এ ছাড়া তিনি তিনবার মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার এই কীর্তি আছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের।
৩৬ বলে নিজের ম্যাজিক ফিগারও পূর্ণ করেন সূর্যবংশী। এটি আইপিএলে তার দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৭ বলে ৫ চার ও ১২ ছক্কায় থামেন ১০৩ রানে। গত বছর আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন সূর্যবংশী। ফলে আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪০ বা তার কম বল খেলে দুটি সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি। এক ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১২ ছক্কা মারার রেকর্ডটিও এখন তার দখলে। সবমিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ। এ ছাড়া রাজস্থানের পক্ষে জুরেল ৩৫ বলে ৫১ এবং দোনোভান পেরেইরা ১৬ বলে ৩৩ রান করেছেন।
২২৯ রানের বড় লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেডকে প্রথম ওভারেই হারায় হায়দরাবাদ। দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটিতে শুরুর ধাক্কা মনেই করতে দেননি অভিষেক-কিষাণ। রাজস্থানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন হায়দরাবাদ তারকা কিষাণ। দারুণ ফর্মে থাকা এই বাঁ-হাতি ব্যাটার ৩১ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৭৪ রান করেছেন। এ ছাড়া অভিষেক ২৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ৫৭, নীতিশ কুমার রেড্ডির ১৮ বলে ৩৬ রানের ক্যামিওতে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় হায়দরাবাদ।
আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রানতাড়ায় জিতল কিষাণের দল। ৮ ম্যাচে ৫ জয়ের পর সমান ১০ পয়েন্ট উভয় দলের, তবে নেট রানরেটের হিসাবে টেবিলের তিনে অবস্থান করছে হায়দরাবাদ, রাজস্থান চারে।
এএইচএস
