২০২৩ সালে শিকাগোতে কেলভিন কিপটাম ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন। পুরুষ ম্যারাথনে সেটাই ছিল বিশ্ব রেকর্ড। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রয়াত এই কেনিয়ার দৌড়বিদের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশী সেবাস্তিয়ান সাওয়ে। আজ (রোববার) প্রথম অ্যাথলেট হিসেবে দুই ঘণ্টারও কম সময়ে দৌড় শেষ করে ইতিহাস গড়লেন তিনি।
সাওয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে। বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম তিনজনই আগের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ইথিয়োপিয়ার ইয়োমিফ কেজেলচার সঙ্গে শেষ মুহূর্তে কঠিন লড়াই হয়েছিল সাওয়ের। প্রথমবার ম্যারাথনে নেমে কেজেলচা দৌড় শেষ করেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ডে, অভিষেকে যা সবচেয়ে দ্রুততম। উগান্ডার জ্যাকব কিপলোমো (২ ঘণ্টা ২৮ সেকেন্ড) হয়েছেন তৃতীয়।
দুই ঘণ্টার বাধা অতিক্রম করার বিশ্বাস নিয়ে ট্র্যাকে নেমেছিলেন সাওয়ে, ‘আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি। এই দিনটা মনে রাখার মতো। আমরা ভালোভাবে দৌড় শুরু করেছিলাম। দৌড়ের শেষ মুহূর্তে অনেক শক্তিশালী মনে হচ্ছিল নিজেকে। ফিনিশিং লাইনে পৌঁছানোর পর আমি সময় দেখলাম, উত্তেজনা কাজ করছিল। দ্বিতীয়বার লন্ডনে আসা আমার কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ এবং এ কারণে আমি ভালোভাবে এর প্রস্তুতি নিয়েছি। অবশেষে গত চার মাসের পরিশ্রমের সাফল্য আজ পেলাম।’
এফএইচএম
