বিজ্ঞাপন

ভুটানকে সরঞ্জাম দিয়ে সহায়তা করল এশিয়ান আরচ্যারি

ভুটানকে সরঞ্জাম দিয়ে সহায়তা করল এশিয়ান আরচ্যারি

ভুটানের জাতীয় খেলা আরচ্যারি। এরপরও ভুটান আরচ্যারিতে এখনো উন্নয়নশীল দেশই এশিয়ায়। তাই এশিয়ান আরচ্যারির পক্ষ থেকে সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ১০ সেট রিকার্ভ আরচ্যারী সরঞ্জাম উপহার দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হামু দর্জি ভুটান আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে এই সরঞ্জামগুলো গ্রহণ করেন।

ভুটান আরচ্যারী ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এই সরঞ্জামগুলো দেশটির তৃণমূল পর্যায়ের কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে তরুণ ও উদীয়মান আরচ্যারদের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সঠিক প্রশিক্ষণের পরিবেশ তৈরিতে এটি বিশেষ সহায়তা করবে।

ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্টের এই মূল্যবান সহায়তার জন্য ভুটান আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে এই সরঞ্জামগুলো হস্তান্তরের প্রক্রিয়াটি সহজতর করার জন্য ভুটানের রাষ্ট্রদূতকেও ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। তার হাত ধরে খেলাটি বাংলাদেশে বিকশিত হয়। টানা দুই বার সরাসরি অলিম্পিক খেলেছেন আরচ্যাররা। দেশের গন্ডি পেরিয়ে তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি হয়েছেন। ইতোমধ্যে আরচ্যারিতে উন্নয়নশীল দেশ শ্রীলঙ্কা সহ আরো কয়েকটি দেশে ট্যাকনিক্যাল সহায়তা প্রদানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এজেড/এইচজেএস