বিজ্ঞাপন

পদকজয়ী অলিম্পিয়ানের কাছে সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক

পদকজয়ী অলিম্পিয়ানের কাছে সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত নাম বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ব্যাটারের একের পর এক বিধ্বংসী ইনিংস নিয়ে বুঁদ হয়ে আছেন ক্রীড়ামোদিরা। যার প্রসঙ্গ উঠেছে অলিম্পিক গেমসে ভারতের প্রথম নারী পদকজয়ী (একাধিক) শ্যুটার মনু ভাকেরের সামনে। তিনি জবাবটাও দিয়েছেন ঠিকঠাক। কিন্তু তার কাছে কেন সূর্যবংশী কিংবা ক্রিকেট সম্পর্কিত প্রশ্ন করা হলো– তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

গতকাল (সোমবার) ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভাকের। তারই একফাঁকে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ওই সময় এই তারকা শ্যুটারের কাছে রাজস্থান রয়্যালসের তরুণ প্রতিভা সূর্যবংশী সম্পর্কে জানতে চাওয়া হয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদকজয়ী ভাকের অপ্রাসঙ্গিকভাবে হঠাৎ করে আসা প্রশ্নে অবশ্য জবাব দিতে কোনো ভুল করেননি।

শান্ত ও ধীরস্থির মেজাজের মনু ভাকের বলেন, ‘আমি বলব যদি মেন্টরশিপ ভালো হয়, তার চারপাশের পরিবেশ ভালো হয়, মানুষজন ভালো হয়– তাহলে বয়স শুধুই একটি সংখ্যা। প্রতিভার কোনো বয়স নেই। ৬০ বছরেও বড় কিছু হয়, আবার ৬ বছরেও হয়। তাই যদি তাকে সঠিকভাবে গাইড করা হয়, আমি নিশ্চিত সে ভবিষ্যতে বড় তারকা হবে।’

সেই প্রশ্নোত্তর পর্ব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার জন্ম দিয়েছে। ক্রীড়াপ্রেমী ও নেটিজেনরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই প্রশ্ন তোলেন, কেন একজন অলিম্পিয়ানকে এ ধরনের প্রশ্ন করা হলো, এটি ভাকেরের প্রতি অসম্মানজনক আচরণ। আবার অনেকের মতে– ভারতে ক্রিকেটকে অতিরিক্ত প্রাধান্য দেওয়ার প্রবণতা আবারও সামনে এসেছে।

কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, সূর্যবংশী প্রতিভাবান ঠিক আছে, তবে এমন এক অনুষ্ঠানে যেখানে ভাকের নিজেই ইতিহাসগড়া অ্যাথলেট, তাকে উপেক্ষা করে অন্য ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে প্রশ্ন করা অযৌক্তিক।

প্রসঙ্গত, দারুণ ফর্মে থাকা সূর্যবংশী বর্তমানে আইপিএলের সেরা রানসংগ্রাহকদের তালিকায় তিনে অবস্থান করছেন। ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার রান ৩৫৭, যেখানে তার গড় ৪৪.৬২ এবং স্ট্রাইকরেট ২৩৪.৮৬। সামনে থাকা দুজনের (অভিষেক শর্মা ৩৮০ এবং লোকেশ রাহুল ৩৫৮ রান) সঙ্গেও খুব একটা ব্যবধান নেই বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটারের।

এএইচএস