বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্য

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্য

অনেক দিন ধরেই দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি  শাম্মি সিলভা ও তার কমিটির সদস্যদের বিরুদ্ধে। এবার সরকারের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন তারা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সভাপতিসহ এই কমিটির সবাই।

এসএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড সভাপতি ও নির্বাহী কমিটির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা প্রেসিডেন্ট দিশানায়েকে ও ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগেকে জানানো হয়েছে। ফলে আজকে থেকেই সিলভার পদত্যাগ কার্যকর হচ্ছে।

গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সেই বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।

তবে এখনো বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেনি কোনো কেউই। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

এসএলসি কর্তারা পদত্যাগ করলেও সেটা অনেকটাই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে দেশটির সরকার। কারণ অনেক দিন ধরেই বোর্ডের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফলে এবার সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিল সরকার। তবে সেই সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছে সিলভার নেতৃত্বাধীন কমিটি।

টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা আছে।। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে।

এইচজেএস