বিজ্ঞাপন

লক্ষ্ণৌতে অধিক সন্ন্যাসী, তাই গাজন নষ্ট হচ্ছে!

লক্ষ্ণৌতে অধিক সন্ন্যাসী, তাই গাজন নষ্ট হচ্ছে!

আইপিএলে হেরেই চলেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আটটি ম্যাচ খেলে ঋষভ পান্তরা জিতেছেন মাত্র দুটিতে। কেকেআরের কাছে হারের পর পান্তের একটি মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। শন পোলকের মতো সাবেক ক্রিকেটার মনে করছেন, দলের ব্যর্থতার দায় লক্ষ্ণৌ কর্তৃপক্ষের ঘাড়ে ঠেলে দিয়েছেন পান্ত।

কেকেআর ম্যাচের পর পান্ত একটি প্রশ্নের জবাবে বলেছিলেন, 'অতিরিক্ত ভাবনা-চিন্তা বাস্তব পরিস্থিতিকে কঠিন করে তোলে।' তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে বা টিম ম্যানেজমেন্ট বা দলের নীতি নির্ধারকদের মধ্যে অনেকেই সরাসরি হস্তক্ষেপ করছেন।

পোলক মনে করেন, অধিনায়কের মুখে এমন কথা মানায় না। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'লক্ষ্ণৌ অধিনায়কের মুখে আমরা যে কথা শুনেছি, সেটা ভালো নয়। সে বলতে চেয়েছে, অনেক লোকের কথা শুনে তাকে চলতে হচ্ছে। পান্ত আসলে লক্ষ্ণৌ কর্তৃপক্ষকেই সমস্যায় ফেলে দিয়েছে।'

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক আরও বলেছেন, 'আমরা জানি না, তাদের কীভাবে কাজ হয়। মনে হচ্ছে, সমস্যাটা সেখানেই। পান্ত হয়তো বুঝতে পারছে না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে। বাইরে থেকে বলা সম্ভব নয়, কারা তার সঙ্গে কথা বলেন বা মতামত দেন বা আলোচনা করেন।

লক্ষ্ণৌ কর্তৃপক্ষের একাংশ দলের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করেন, এমন অভিযোগ আগেও শোনা গেছে। লোকেশ রাহুলের ঘটনাও ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। পান্তও কি তেমন কিছুই বোঝাতে চেয়েছেন? কেকেআর ম্যাচের পর নতুন জল্পনা শুরু হয়েছে লক্ষ্ণৌর ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে।

এইচজেএস