বিজ্ঞাপন

নিউজিল্যান্ড দলে কোনো আতঙ্ক নেই: ফক্সক্রফট

নিউজিল্যান্ড দলে কোনো আতঙ্ক নেই: ফক্সক্রফট

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে কিউইরা। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। আগামীকাল শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসে নিজের ভূমিকা নিয়ে কথা বলেন সফরকারী দলের ডিন ফক্সক্রফট।

ফক্সক্রফট বলেন, ‘নিউজিল্যান্ডে আমি যে ভূমিকায় খেলি, এখানে তা কিছুটা আলাদা। আমার লক্ষ্য ছিল বর্তমান নিয়ে মনোযোগী থাকা এবং সামনে যা আসছে তা উপভোগ করা। তৃতীয় ওয়ানডে ম্যাচের ইনিংসটি নিয়ে আমি নিজেই কিছুটা অবাক ছিলাম। তবে কাল একটি নতুন ম্যাচ এবং আমি চাই দলের জয়ে অবদান রাখতে।’

পরে সিরিজ নিয়ে ফক্সক্রফট জানান, ‘আমরা প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি ছিলাম, শুধু পরিকল্পনা বাস্তবায়নে কয়েক ওভার পিছিয়ে ছিলাম। আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, শুধু দুই বিভাগেই কিছু ছোটখাটো ভুল শুধরে নিতে হবে। আশা করছি কাল আমরা সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে পারব।’

শেষ ম্যাচ জিতে সিরিজ ট্রফি ভাগাভাগি করতে চান এই কিউই অলরাউন্ডার, ‘অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতা আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে, গত কয়েকদিনও ভালো কেটেছে। সবাই অনেক ইতিবাচক আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। আমাদের জন্য ভালো অনেক ব্যাপার ছিল সেই ম্যাচে।’

‘কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরও ভালো হতে হবে, ব্যাপারটা আমরা জানি। আজ ট্রেনিং আছে। আশা করি কালকের জন্য প্রস্তুত হতে পারব।,’ বললেন ফক্সক্রফট।

এসএইচ/এফএইচএম