বিজ্ঞাপন

মামুনুলের বিদায়ী ম্যাচে ফর্টিজের জয়, জিতেছে আবাহনী ও পুলিশ

মামুনুলের বিদায়ী ম্যাচে ফর্টিজের জয়, জিতেছে আবাহনী ও পুলিশ

মহান মে দিবসের ছুটির দিনেও ফুটবল মাঠে ছিল খেলোয়াড়দের ব্যস্ততা। তিন ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফর্টিজ, আবাহনী ও পুলিশ নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। তবে আজ আলোচনার কেন্দ্রে ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের বিদায়ী ম্যাচ।  

মামুনুলের অবসর উপলক্ষে ফর্টিজ ও রহমতগঞ্জ ম্যাচ নিয়ে আগ্রহ ছিল অন্যরকম। ২৪ মিনিটে তিনি মাঠে ছিলেন। বিদায়ী ম্যাচে তার মাঠ ছাড়ার আগেই দুই দল দুটি করে গোল করে। রহমতগঞ্জ প্রথমার্ধে দুই দফা এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি। ১১ মিনিটে ওকাফর ও ২২ মিনিটে পা ওমার গোল করে দুইবার সমতা আনেন। ৪৮ মিনিটে পা ওমারের ফ্রি কিক থেকে নেওয়া দুর্দান্ত শটে এগিয়ে যায় ফর্টিজ। এরপর সেই লিড ধরে রেখে ৩-২ ব্যবধানে জিতেছে দলটি। রহমতগঞ্জের হয়ে জায়েদ ৪ ও অ্যান্ড্রুজ ২০ মিনিটে গোল করেছিলেন।

শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে দানিলো অগাস্টো গোল করে পুলিশকে জেতান। পিডব্লিউডির জনাথন ফেরেইরা দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ঢাকা আবাহনী ২-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে পরাজিত করে। ৩৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওজবুগ এবং ৬৭ মিনিটে শেখ মোরসালিন গোল করে দলকে এগিয়ে নেন। ফকিরেরপুল চেষ্টা করলেও গোলের দেখা পায়নি।

এজেড/এফএইচএম