World Cup Football Field

বিজ্ঞাপন

টরন্টো থেকেই ফিরতে হলো দেশে

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। যাকে বিবেচনা করা হচ্ছে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সদস্য দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে। ফিফা থেকে ২১১ সদস্য দেশ সেখানে আমন্ত্রিত ছিল, কিন্তু কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দর থেকে ঠিক কী কারণে তাদের গন্তব্য বদলাতে হয় সেটাই জানা গেল এবার।

গতকাল (শুক্রবার) ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে কানাডার অফিসিয়ালরা ফিফা কংগ্রেসে যেতে অনুমতি দেয়। কিন্তু তার আগে মেহেদিসহ ইরানের প্রতিনিধি দলকে টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে যাত্রাপথে তুরস্কে নামার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নিতে একটি বিশেষ বিমানের প্রস্তাব দিয়েছিলেন, তাজ মেহেদিরা সেটিও প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদনে বলা হয়, মেহেদি তাজ ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য। সংগঠনটির সঙ্গে বর্তমানেও তার সংশ্লিষ্টতা আছে বলে প্রশ্ন ছুড়ে দেয় কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার সভায় কেবল তাকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, আইআরজিসির সদস্যদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ। আগামী জুন-জুলাইতে হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডাও অন্যতম আয়োজক।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া মন্তব্যে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজ জানান, ‘আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল, আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কি না। জবাবে আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দিই না, এটাই আমাদের দেশের আইন।’

তিনঘণ্টার সেই জিজ্ঞাসাবাদ শেষে ইরানি প্রতিনিধি দলের মধ্যে কেবল মেহেদি তাজকে অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি, ‘কিছুক্ষণ পর তারা বলল, আপনি প্রবেশ করতে পারেন। কিন্তু আমরা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারা আমাদের বের করে দেয়নি, আমরাই ফিরে এসেছি... আমি কানাডিয়ানদের বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, অযথা অপেক্ষা করিয়েছেন।’

dhakapost

সেখান থেকে তুরস্কে যাওয়ার পর ফিফা প্রধান ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নিতে একটি বিশেষ বিমানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি প্রত্যাখ্যান করে দেওয়ার কথা জানিয়েছেন মেহেদি তাজ। ইরানের এই ফুটবলপ্রধানের মতে, ‘আমি ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে বলেছি, আপনারা আমেরিকার ভয়ে ভীত এবং তারা যা বলে আপনারা সেটাই মানেন। আমরা যদি বিশ্বকাপে অংশ নিতে যাই, তাহলে আমাদের দলের জন্য কোনো বাহ্যিক সমস্যা বা বিতর্ক যাতে না থাকে, তা নিশ্চিত করতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন।’

এএইচএস