মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। আর উদ্বোধনী দিনের মাঠে নেমেছে সব দল। ঢাকার ৬ ভেন্যুতে হচ্ছে এই খেলা। ম্যাচ শুরুর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, আলাদা করে কোনো একটি ক্লাব নয়, সব ক্লাবই বিসিবির।
বাবু বলেন, ‘বিগত দিনে কী হয়েছে আমি ওটা সামনে আনতে চাই না। তবে আমি আমি মনে করি এই ১২টা ক্লাবই আমাদের দেশের ক্লাব। এই ১২টা ক্লাবই ক্রিকেট বোর্ডের ক্লাব। আমি তখন বেশি খুশি হবো, যখন ১১ ও ১২ নম্বর দল এক নম্বর দলকে হারিয়ে দেবে। তখন আমরা বলব যে আমরা সফল। কারণ ওই ক্লাবগুলো যদি ভালো খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে সমালোচনা প্রায় সময় ওঠে। এবার তেমন কিছু হবে না বললেন এই বিসিবি পরিচালক, ‘আম্পায়ারিংয়ের ক্ষেত্রে আমি বলে দেই, আগে কী হয়েছে জানি না, তবে এখন কোনো ধরনের অভিযোগ আপনি পাবেন না। নিশ্চিন্তে, এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। আমরা চাই ক্রিকেটের অগ্রগতি। ক্রিকেট যাতে আরও এগিয়ে যায়, সেজন্য মাঠে খেলাগুলি যেন ফেয়ার (স্বচ্ছ) হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয় সেটার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।’
ঢাকা লিগ হওয়ায় স্বস্তি প্রকাশ করলেন বাবু, ‘এই ঢাকা প্রিমিয়ার লিগ না হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি লজ্জার ব্যাপার হতে পারতো। কিন্তু আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক একটু দেরিতে হলেও আমরা শুরু করেছি।’
এসএইচ/এফএইচএম
