বিজ্ঞাপন

১ রানের আক্ষেপ ভুলে বাংলাদেশের জার্সি পরার স্বপ্ন শিবলির

১ রানের আক্ষেপ ভুলে বাংলাদেশের জার্সি পরার স্বপ্ন শিবলির

অবশেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর গতকাল (সোমবার) উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল সব দলই। এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন আশিকুর রহমান শিবলি। থেকেছেন ৯৯ রানে অপরাজিত। আক্ষেপ যে আছে তা অস্বীকার করেননি তিনি।

ম্যাচ শেষে শিবলি বলেন, ‘আক্ষেপ তো থাকবেই, কিন্তু আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। আজ যা হয়েছে তা হয়ে গেছে, এখন পরের খেলা। আমি প্রতিটি খেলা ধরে ধরে চিন্তা করব। টুর্নামেন্ট শেষে এখনো কোথাও দেখতে চাচ্ছি না। এখন স্বাভাবিক থাকতে চাই।’

পরে দলের ভাবনা নিয়ে শিবলি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল যতদূর ব্যাট করা যায়, যত বড় জুটি করা যায়। তো আমরা ওই দিকেই খেয়াল রাখছিলাম। শেষ পর্যন্ত রান কত হবে সেটা পরে দেখা যাবে, তবে আমরা প্রতিটি বল ধরে ধরে খেলছিলাম।’

জাতীয় দলে খেলার স্বপ্ন তিনি লালন করছেন বুকে, ‘সবারই তো স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমিও ব্যতিক্রম নই, আমিও চেষ্টা করি। এখন প্রক্রিয়া আমার হাতে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন আমার হাতে না। আমি শুধু খেলাটা উপভোগ করছি।’

পরে সভাপতি তামিমকে নিয়ে শিবলি বলেন, ‘তামিম ভাই তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আসলে নিশ্চিত ছিলাম না যে ঢাকা লিগ হবে কি না। যেহেতু তামিম ভাই এসেই এই দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়েছেন, তাই তাকে অনেক ধন্যবাদ।’

ঢাকার ৬ ভেন্যুতে হয় প্রথম দিনের খেলা। রূপগঞ্জ বাদে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ঢাকা লেওপার্ডস, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বসুন্ধরা স্ট্রাইকার্স।

এসএইচ/এফএইচএম