মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলে খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা চলছে অনেক দিন ধরেই। সেই জল্পনা সময়ের সঙ্গে আরও বাড়ছে। আইপিএল শুরু হয়ে তার মধ্যভাগে পৌঁছে গেছে। যদিও এখনো মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। শুধু তাই নয়। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। সেই ম্যাচের জন্য দলের সঙ্গে ট্রাভেলও করেননি তিনি।
আজ (মঙ্গলবার) আইপিএলের দশম ম্যাচ খেলতে নামছে চেন্নাই। যারপর গ্রুপ পর্বের আর চারটি ম্যাচ মাত্র বাকি থাকবে। গ্রুপ টেবিলে এ মুহূর্তে ছয় নম্বরে রয়েছে সিএসকে। যা অবস্থা, তাতে প্লে-অফ খেলা কঠিন চেন্নাইয়ের জন্য। প্রশ্ন উঠছে, আদৌ কি আর চলতি আইপিএলে নামবেন ধোনি? বিগত কয়েক বছর ধরে যে জল্পনাটা ক্রমশ বাড়ছে, সেটা কি এবার সত্যি হবে? আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন তিনি?

সিএসকে টিম ম্যানেজমেন্টের তরফেও ধোনিকে নিয়ে কোনো কিছু খোলাসা করা হচ্ছে না। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তাকে জিজ্ঞাসা করা হয়, ধোনি কবে ফিরবেন, তা নিয়ে। জবাবে সিমন্স বলেন, “আমি এর উত্তর দিতে পারব না। উপরমহলের অত খবর আমি জানিও না। এতটুকু জানি, এমএস দিল্লিতে আসেনি। ওর চোটের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খেলার মতো অবস্থায় ফিরলে, খেলবে। তবে কবে খেলবে, সেটা একমাত্র সে-ই জানে।”
আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিংসহ হালকা ফিটনেস ড্রিলের ওপর মনোযোগ দিতে দেখা যায়। মৌসুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ২৬ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির চোট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, মাহির পায়ের পেশির সমস্যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না সিএসকে। সব মিলিয়ে সন্দেহ ক্রমশ বাড়ছে, চেন্নাই জার্সিতে আদৌ দেখা যাবে তো?
এফআই
