বিজ্ঞাপন

‘ঘরের মাঠে বাংলাদেশও স্পিনবান্ধব উইকেট বানায়’

‘ঘরের মাঠে বাংলাদেশও স্পিনবান্ধব উইকেট বানায়’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী শুক্রবার। তার আগে দলের প্রতিনিধি হয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন পেসার শাহিন আফ্রিদি। সেখানে জানিয়েছেন ঘরের মাঠে উইকেটের সুবিধা নেওয়ার কথা।

আফ্রিদি বলেন, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে পরে শাহিন বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। কীভাবে ফাইনালে কোয়ালিফাই করা যায় এবং ফাইনাল খেলা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। দল হিসেবে আমরা সবাই এটি বুঝি যে, টেস্ট ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

‘আমাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই প্রথমবার আমরা অনেক লম্বা একটা টেস্ট মৌসুম খেলতে যাচ্ছি। তাই প্রথম টেস্টের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এখানকার কন্ডিশন আমাদের কতটা মানিয়ে নিতে সাহায্য করছে, সেটাই দেখার বিষয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।’

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষও মানেন আফ্রিদি, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটিকে কীভাবে দেখছি। আমরা শুধু একটি (বাংলাদেশ) সিরিজের দিকে তাকাচ্ছি না, আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ।’

এসএইচ/এমএমএম