উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি বাধা টপকাতে পারেনি জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখকে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোল ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। দ্বিতীয় লেগে মিউনিখে ১-১ ড্র করেও ফাইনালে যেতে ব্যর্থ হওয়ার পর হ্যান্ডবল নিয়মের অসামঞ্জস্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
প্রথম লেগের বিতর্কিত এক পেনাল্টির স্মৃতি কোম্পানিকে বেশ পোড়াচ্ছে। সেদিন আলফানসো ডেভিসের থাইয়ে লেগে বল হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু বুধবার রাতে মিউনিখে একই রকম পরিস্থিতিতে পিএসজির জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পর্তুগিজ রেফাারি জোয়াও পিনহেইরো পেনাল্টি দেননি।
এ নিয়ে ক্ষোভ ঝেড়ে কোম্পানি বলেন, ‘বল শরীর থেকে হাতে লাগেনি, সরাসরি হাতে লেগেছে। সেটি নিজের খেলোয়াড়ের কাছ থেকে আসুক বা না আসুক আইনের এই ব্যাখ্যাগুলো এক কথায় কেমন যেন। এই সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।’

রেফারি নিয়ে ক্ষোভ থাকলেও বিজয়ী দল পিএসজির কৌশলী ফুটবলের প্রশংসা করতে ভোলেননি কোম্পানি। তিনি বলেন, ‘পিএসজি অত্যন্ত সজাগ এবং সক্রিয় ছিল। তারা আমাদের ক্রসগুলো দারুণভাবে ঠেকিয়েছে এবং রক্ষণভাগের পেছনের ফাঁকা জায়গাগুলো খুব বুদ্ধিমত্তার সাথে সামলেছে। আমরা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও তারা আমাদের শট নেওয়ার সুযোগ দেয়নি।’
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বায়ার্ন মরিয়া হয়ে আক্রমণ চালায়। ৯৪ মিনিটে হ্যারি কেইন গোল করে সমতা ফেরালেও সেটি ফাইনালের টিকিট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘প্যারিসের সেই পেনাল্টি সিদ্ধান্তটি এখনও আমাকে কষ্ট দিচ্ছে, কারণ দিনশেষে আমরা এক গোলের ব্যবধানেই হেরেছি।’
এমএমএম/
