আসন্ন ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর বাকি মাত্র ৩৫ দিন। ফিফা দৈনিক পরিসংখ্যান ভিত্তিক কাউন্টডাউনে আজ ফিরে দেখা হয়েছে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের গড়া এক অনন্য রেকর্ড। ২০২২ সালে ইরানকে ৬-২ গোল ব্যবধানে হারানোর ম্যাচে জ্যাক গ্রিলিশের করা গোলটির আগে ইংল্যান্ডের খেলোয়াড়রা নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করেছিলেন টানা ৩৫টি পাস।
বিশ্বকাপের ইতিহাসে কোনো গোলের ঠিক আগে এত বেশি পাসের রেকর্ড আর নেই। এর আগে এক গোলের আগে সর্বোচ্চ ২৫টি পাসের রেকর্ডটি ইংল্যান্ডেরই। তবে সেই রেকর্ডে যৌথভাবে ভাগ বসিয়েছিল আর্জেন্টিনা।
২০০৬ সালের বিশ্বকাপে মন্টিনিগ্রোর বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিল লাতিন আমেরিকান দেশটি আর্জেন্টিনা। আর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে পানামার বিপক্ষে একই রেকর্ড করেছিল ইংল্যান্ড। তবে সেই রেকর্ড ২০২২ সালে ইরানের বিপক্ষে ভেঙেছিল থ্রি লায়ন্সরা।
এই গোলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে, মুভটি তৈরির সময় গোলরক্ষক জর্ডান টিকফোর্ডসহ ইংল্যান্ডের একাদশে থাকা ১১ জন ফুটবলারই বল স্পর্শ করেছিলেন। ডেক্লান রাইস একটি শর্ট ফ্রি-কিক নেওয়ার পর ৮৬ সেকেন্ড ধরে চলে এই পাসিং মুভটি।
আর গোলটির নেপথ্যে থাকা ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম একাই দিয়েছিলেন নয়টি পাস। শেষ পর্যন্ত ক্যালাম উইলসনের বাড়িয়ে দেওয়া বল থেকে ইরানের জাল খুঁজে নেন জ্যাক গ্রিলিশ।
এমএমএম/

