বিজ্ঞাপন

ইউসিএল ফাইনালে উঠার পর পিএসজি কোচ

‘গ্রুপপর্ব শেষে বলেছি– আমাদের চেয়ে ভালো দল নেই, কেউ বিশ্বাস করেনি’

‘গ্রুপপর্ব শেষে বলেছি– আমাদের চেয়ে ভালো দল নেই, কেউ বিশ্বাস করেনি’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে গত মৌসুমে প্রথমবার শিরোপা জিতেছিল প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও ফাইনালে পা রেখেছে। গতকাল (বুধবার) সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ সমতায় শেষ করে, দুই লেগের অ্যাগ্রিগেটে ৬-৫ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। এরপরই তিনি ‘গ্রুপপর্ব শেষে নিজেদের সেরা দল’ উল্লেখ করার বিষয়টি স্মরণ করিয়ে দিলেন।

​গত সপ্তাহে প্যারিসে প্রথম লেগের রোমাঞ্চকর ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতেছিল পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা গতকাল মাত্র তৃতীয় মিনিটেই ম্যাচে লিড নেয় উসমান দেম্বেলের গোলে। খিচা কাভারৎস্খেলিয়ার অসাধারণ নৈপুণ্যে বল পেয়ে ​ফরাসি ফরোয়ার্ড দুর্দান্ত ফিনিশে গোল করেছেন। সেই লিড টিকেছিল ম্যাচের পুরো ৯০ মিনিট। তবে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে হ্যারি কেইন গোল করলে স্কোরলাইন ১-১ হয়। কিন্তু অ্যাগ্রিগেটে তখনও পিছিয়ে বায়ার্ন। শেষ পর্যন্ত তাদের আর পিএসজির গোললাইন ধরা হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৩০ মে বুদাপেস্টে আর্সেনালের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। বায়ার্ন ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় পিএসজি কোচ এনরিকে বলেন, ‘আমাদের ফাইনাল নিশ্চিতের বিষয়টি কি আমি বিশ্বাস করতে পারি? হ্যাঁ। গ্রুপপর্ব শেষে আমি কী বলেছিলাম আপনাদের মনে আছে? আমি বলেছি– “আমাদের চেয়ে ভালো দল দেখছি না।” সমালোচকরা পিএসজিকে অতটা ভালো অবস্থানে মানতে রাজি হয়নি, তবে আমি সঠিক ছিলাম। বায়ার্ন আমাদের পর্যায়ের এবং আর্সেনালও এই মৌসুমের অন্যতম সেরা দল। তারা অবিশ্বাস্য বছর পার করছে এবং প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে আছে। তারাও এখন (ইউসিএল) ফাইনালে, তবে আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। গুরুত্বপূর্ণ কথাটা আন্ডারলাইন করে রাখুন।’

‘সর্বশেষ তিন বছর ধরে আমরা যেকোনো প্রতিপক্ষকে মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছি। এই দলকে আপনার বিবেচনায় নিতেই হবে, কারণ আমরা সবসময় লড়াইয়ের মধ্যে আছি’, আরও যোগ করেন বার্সেলোনার সাবেক এই কোচ। পিএসজির আক্রমণাত্মক খেলার প্রশংসা আগে থেকেই ছিল। কিন্তু মিউনিখে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তাদের স্কোরলাইন অতিক্রম করতে পারেনি স্বাগতিক বায়ার্ন, এমন রক্ষণাত্মক সামর্থ্যও থাকার বিষয়টিও নতুন করে প্রমাণ করেছে পিএসজি।

এনরিকে বলছেন, ‘আমরা আজ দেখিয়েছি যে, লো ব্লকে যখন আমাদের ডিফেন্ড করা দরকার, আমরা করতে পারি। আমরা যদিও এভাবে খেলতে পছন্দ করি না এবং খেলোয়াড়দেরও এভাবে খেলতে উৎসাহ দিই না, কিন্তু আমরা পারি। খেলোয়াড়দের এমন (যখন যা কার্যকরী) মানসিকতা দেখতে পারাটা অসাধারণ বিষয়, আমাদের রক্ষণে আমরা অনেক উন্নতি করেছি।’

‘গত সপ্তাহে আমরা অনেক ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে পড়েছিলাম, কিন্তু আমরা এই ম্যাচে অনেক ডুয়েল জিতেছি এবং নিজেদের লেভেলটাও ধরে রাখতে পেরেছি। প্যারিসিয়ানরা সুন্দর ফুটবল খেলতে চায় এবং লড়াই করাই তাদের দর্শন’, আরও যোগ করেন পিএসজির স্প্যানিশ এই কোচ। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে টানা পঞ্চম মৌসুমের শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে তার শিষ্যরা। যা হবে ৯ মৌসুমের মধ্যে আটবার।

এএইচএস