বিজ্ঞাপন

আফ্রিদিকে নিয়ে রমিজ রাজার খোঁচা

‘শাহীন এখন মিডিয়াম পেসার’

‘শাহীন এখন মিডিয়াম পেসার’

মিরপুর টেস্টের প্রথম দিনে বল হাতে একটি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি করেছেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু মাঠের এই অর্জন ছাপিয়ে আলোচনায় এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মন্তব্য। শাহীন আফ্রিদির বর্তমান ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে রমিজ তাকে সরাসরি মিডিয়াম পেসার হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার প্রথম টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে রমিজ রাজা আধুনিক পেসারদের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের হাতে নাহিদ রানার মতো (গতির) পেসার নেই। তবে আমাদের এখন মিডিয়াম পেসার আছে। এ পর্যন্ত শাহীন আফ্রিদিকে স্রেফ একজন মিডিয়াম পেসার মনে হয়েছে।’

রমিজ রাজা মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে বোলাররা এখন লম্বা স্পেলে বল করার ছন্দ হারিয়ে ফেলছেন। টি-টোয়েন্টিতে ৪ ওভারের ধকল সামলানো সহজ হলেও টেস্টে লম্বা সময় বল করতে গিয়ে বোলারদের আসল ফিটনেস বেরিয়ে পড়ছে।

মিরপুরের উইকেটে এদিন শাহীনের গতি ছিল চোখে পড়ার মতো কম। সাধারণত দ্রুতগতিতে বল করা এই বাঁহাতি পেসার আজ ১২৫ থেকে ১৩৪ কিমি/ঘণ্টা গতিতে বল করেছেন।

মিরপুর টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ রান করে আউট হয়েছেন তিনি। ৯১ রান করেন মুমিনুল হক। আর ৪৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এদিকে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার।

এমএমএম/