বিজ্ঞাপন

যে কীর্তিতে শান্তর উপরে শুধু ব্র্যাডম্যান-হেডলি

যে কীর্তিতে শান্তর উপরে শুধু ব্র্যাডম্যান-হেডলি

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে কেবল দলকেই বিপদমুক্ত করেননি নাজমুল হোসেন শান্ত, বরং নাম লিখিয়েছেন ক্রিকেট ইতিহাসের এক অনন্য উচ্চতায়। টেস্ট ক্রিকেটে ফিফটিতে সেঞ্চুরিতে রূপান্তর করার হারে বিশ্ব ক্রিকেটের সেরা তিন ব্যাটারের একজন এখন বাংলাদেশের এই অধিনায়ক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্তত ১৫টি ফিফটি-প্লাস স্কোর করা ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি রূপান্তরের হারের তালিকায় শান্তর ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি। তার হলেন স্যার ডন ব্র্যাডম্যান এবং জর্জ হেডলি।

পরিসংখ্যান অনুযায়ী, স্যার ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারের ফিফটি-প্লাস ইনিংসগুলোর মধ্যে ৬৯.০৫ শতাংশ সময় সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তিনি ৬৬.৬৭ শতাংশ সময় ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন।

আর মিরপুর টেস্টের সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্তর এই হার এখন প্রায় ৪৬.৬ শতাংশ। তার ১৫টি ফিফটি-প্লাস স্কোরের মধ্যে ৭টিই সেঞ্চুরি। এই তালিকায় শান্ত পরে অবস্থান দুই ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান ও শুভমান গিলের।

শান্তর এই পরিসংখ্যান প্রমাণ করে যে, তিনি যখনই থিতু হন, তখন ইনিংসকে বড় করার ক্ষুধা তার মধ্যে প্রবল থাকে। আধুনিক ক্রিকেটের বড় বড় ব্যাটারদের পেছনে ফেলে এই তালিকায় তিন নম্বরে উঠে আসা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল প্রাপ্তি। 

মিরপুর টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ রান করে আউট হয়েছেন তিনি। ৯১ রান করেন মুমিনুল হক। আর ৪৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এদিকে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার।

এমএমএম/