বিজ্ঞাপন

এমবাপেকে রিয়ালে আর কেন চায় না চার কোটি মাদ্রিদিস্তা

এমবাপেকে রিয়ালে আর কেন চায় না চার কোটি মাদ্রিদিস্তা

রিয়াল মাদ্রিদের জন্য চলতি মৌসুমও খারাপ কাটল। কোনো ট্রফি ছাড়া টানা দ্বিতীয় মৌসুম শেষ করার পথে তারা। রিয়াল সমস্যায় থাকলেও কিলিয়ান এমবাপে এবারো দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলে ৪১ ম্যাচ খেলে ৪১ গোল ও ৬ অ্যাসিস্ট।

ফরাসি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফর্মের তুঙ্গে থাকলেও তার বিদায় চায় প্রায় চার কোটি রিয়াল ভক্ত-সমর্থকরা। ‘এমবাপে আউট’ স্লোগানে করা এক পিটিশনে প্রায় চার কোটি স্বাক্ষর পড়েছে। এই সংখ্যা নিঃসন্দেহে অবাক করে দেওয়ার মতো। তবে এটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই ৪ কোটি স্বাক্ষরকারীদের সবাই মাদ্রিদ ভক্ত নাকি অনেকে একাধিকবার স্বাক্ষর করেছেন, তা নিয়ে চলছে জল্পনা।

তবে নিশ্চিত করে বলা যায়, ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত-সমর্থকরা এমবাপেকে নিয়ে সন্তুষ্ট নয়। ফ্রান্সের সুপারস্টারকে নিয়ে কেন এত অসন্তোষ, তার কারণ সুস্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে তোলা তার একটি ছবি এই ক্ষোভের কারণ, যেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

গত মাসে ঊরুর ইনজুরিতে পড়েছেন এমবাপে। তাকে সুস্থ হওয়ার জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছিল। কিন্তু ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ইতালিতে তার সঙ্গীর সঙ্গে অভিসারে ব্যস্ত! ক্লাবের প্রতি এমবাপের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভক্ত-সমর্থকরা।

এই ইনজুরিতে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে সম্ভবত এমবাপের খেলা হচ্ছে না। এই ম্যাচ রিয়াল জিততে না পারলে বার্সা শিরোপা নিশ্চিত করবে।

তবে তাকে বিদায় করতে যে পিটিশনে সই চলছে, সেটা রিয়াল আমলে নেবে না বলেই মনে হচ্ছে। ২০২৯ সাল পর্যন্ত তার সঙ্গে যেমন  চুক্তি, তাছাড়া ধারাবাহিকভাবে পারফর্মও করে যাচ্ছেন। এমন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া খুব একটা বুদ্ধির কাজ হবে না বলাই যায়।

এফএইচএম