World Cup Football Field

বিজ্ঞাপন

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি গায়ে এবারের মেগা ইভেন্টটি খেলার নিশ্চয়তা দেননি। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ-ফুটবলারসহ সংশ্লিষ্টদের ভাষ্য এবং মেসির সাম্প্রতিক মন্তব্য ইতিবাচক বার্তাই বহন করে। এরই মাঝে আসন্ন বিশ্বকাপে শীর্ষ ফেভারিট দল কারা সেটি জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। সেই তালিকায় নেই আর্জেন্টিনার নাম।

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্বল জায়গা চিহ্নিত করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে মেসি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড়ের বর্তমানে চোট ও ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। সত্যি বলতে দলের সবাই ঐক্যবদ্ধ এবং সে কারণে এটি প্রমাণিত যে, এই দল প্রতিদ্বন্দ্বিতা করে। সবসময় জিততে চায় এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে।’

‘আর্জেন্টাইনরা সবসময় যেমনটা করে থাকে, আমাদের রোমাঞ্চিত হতে হবে। যখনই কোনো প্রতিযোগিতা আসে, সেটা কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ। একইসঙ্গে আমাদের এটাও স্বীকার করতে হবে যে, আমাদের চেয়েও এগিয়ে আছে কয়েকটি দল এবং তারা (বিশ্বকাপে) ভালো শেপ নিয়ে আসবে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সর্বশেষ দুই বিশ্বকাপেই আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্সের সামনে। কিলিয়ান এমবাপের দলকে হারিয়েই আবার তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্কালোনি-মেসির আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপেও ফরাসিদের টপ ফেভারিট হিসেবে দেখছেন মেসি, ‘আমার বিশ্বাস এই মুহূর্তে আবারও ফ্রান্সকে খুব শক্তিশালী দেখাচ্ছে। উঁচু মানের অনেক খেলোয়াড় আছে এই দলে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও এগিয়ে। যদিও সম্প্রতি তাদেরকে (ব্রাজিল) সেরা ফর্মে দেখা যায়নি, তবে সবসময়ই তারা শিরোপার দাবিদার এবং সব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো খেলোয়াড় তাদের আছে।’

‘জার্মানি, ইংল্যান্ড এবং পর্তুগাল দ্বিতীয় ফেভারিটের তালিকায় থাকবে। পর্তুগালের খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো দল আছে। এর বাইরে আরও কিছু উচ্চ মানসম্পন্ন দল আছে এবং কিছু চমক সবসময় সংরক্ষিত থাকে’, আরও যোগ করেন মেসি। পেশাদার ফুটবল থেকে নিজের অবসর প্রসঙ্গটা আবারও ঝুলিয়ে রাখলেন এই আলবিসেলেস্তে মহাতারকা, ‘আমি খেলতে ভালোবাসি এবং যতক্ষণ পর্যন্ত না আমি খেলতে পারছি না মনে হবে, ততক্ষণ খেলা চালিয়ে যাব।’

dhakapost

এর আগে আর্জেন্টিনার দুর্বল দিকগুলো উল্লেখ করলেও, তরুণ ফুটবলারদের সমন্বয়ে ভালো কিছুর আশাও হারাচ্ছেন না মেসি, ‘এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তারা বয়সে এখনও তরুণ হলেও ইতোমধ্যে ভালো অভিজ্ঞতা সঞ্চার করেছে। সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে তরুণ প্রতিভা যুক্ত হচ্ছে ক্রমশ, তাদের সংখ্যাও কম নয়, যারা প্রবল শক্তি ও উদ্দীপনা দেখাতে পারে।’ প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

এএইচএস