বিজ্ঞাপন

টানা ছয় ম্যাচ হারা চেলসির কাছে লিভারপুলের হোঁচট

টানা ছয় ম্যাচ হারা চেলসির কাছে লিভারপুলের হোঁচট

টানা ছয় ম্যাচ হারা চেলসির জালে ৬ মিনিট পরই বল ঢুকল। লিভারপুল গোল উৎসবের হুমকি দিয়েছিল শুরুর দিকেই লক্ষ্যভেদ করে। ব্লুদের উড়িয়ে দিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু প্রথমার্ধেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করল চেলসি।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই অ্যানফিল্ড স্টেডিয়ামের গ্যালারিজুড়ে দুয়োর পর দুয়ো। লিভারপুল ম্যাচটা হারেনি। বরঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে পৌঁছে গেছে তারা। কিন্তু ওই দুয়ো বলে দিচ্ছে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় লিভারপুলের ভক্তরা।

সেট পিস পরিস্থিতির পর রিও এনগুমোহার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে ডান কোণা দিয়ে ডান পায়ের শটে জাল কাঁপান রায়ান গ্রাভেনবার্খ। পাঁচ মিনিট পর ভার্জিল ফন ডাইকের ডান পায়ের শট বক্সের ওপর দিয়ে বাইরে গেলে ব্যবধান বাড়েনি লিভারপুলের। 

কডি গাকপো ফাউল করলে চেলসি ফ্রি কিক পায়। ৩৫ মিনিটে এনজো ফের্নান্দেজ ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে সমতা ফেরান। এই আর্জেন্টাইন চার মিনিট পর লক্ষ্যে শট নিয়েছিলেন। কিন্তু লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলি দারুণ সেভে তাকে হতাশ করেন।

বিরতি থেকে ফেরার চার মিনিট পর কোল পালমার চেলসিকে ২-১ গোলে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু মার্ক কুকুরেল্লা অফসাইডে থাকায় ভিএআরে গোলটি বাতিল হয়।

ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার ঠিক আগে ডমিনিক সোবোসলাইয়ের ডান পায়ের শট ঠেকান চেলসি কিপার ফিলিপ জর্জেনসেন। ৭৯ মিনিটে কর্নার থেকে হেড করেন ভার্জিল ফন ডাইক। কিন্তু বল গোলবারে লেগে ফিরে এসে লিভারপুলকে আশাহত করে।

স্কোরে বাকি সময়ে আর পরিবর্তন না আসায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। লিভারপুল দুই ম্যাচ হাতে রেখে ৫৯ পয়েন্ট নিয়ে চারেই আছে। চেলসি ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে।

এফএইচএম