বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে ক্যাসেমিরোর বিদায়ী ম্যাচে ব্রুনোর রেকর্ড

ওল্ড ট্রাফোর্ডে ক্যাসেমিরোর বিদায়ী ম্যাচে ব্রুনোর রেকর্ড

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ হোম ম্যাচে আজ মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এটাই ছিল ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর শেষ ম্যাচ। এই ম্যাচে রেকর্ড গড়েছেন ব্রুনো ফার্নান্দেস। আর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতেছে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার দখলে। এবার সেই অনন্য কীর্তিতে ভাগ বসালেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৫ গোলের থ্রিলার ম্যাচে ব্রায়ান এমবিউমোকে দিয়ে গোল করিয়ে চলতি মৌসুমে নিজের ২০তম অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

ম্যাচের শুরু থেকেই সতীর্থদের দিয়ে গোল করানোর সুযোগ খুঁজছিলেন ব্রুনো। কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ডান প্রান্ত থেকে ব্রুনোর নিখুঁত ক্রস চমৎকার ফিনিশিংয়ে নটিংহামের জালে পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড এমবিউমো। এই গোলের সাথে সাথেই ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি ফেটে পড়ে উল্লাসে। সতীর্থরা গোলদাতার চেয়ে ব্রুনোকে নিয়েই উদযাপনে মেতে ওঠেন বেশি।

এদিকে ম্যাচের ৮১তম মিনিটে ওল্ড ট্রাফোর্ডের পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানায় ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরোকে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ওল্ড ট্রাফোর্ডে এটিই ছিল তার শেষ ম্যাচ। ম্যাসন মাউন্টের বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় সতীর্থদের সাথে কোলাকুলি করার সময় বেশ আবেগপ্রবণ হয়ে উঠেন ক্যাসেমিরো।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল কারিকের অধীনে এই জয়ের ফলে লিগের শীর্ষ তিনে থাকা নিশ্চিত করল ইউনাইটেড।

এমএমএম/