বিজ্ঞাপন

‘দশের লাঠি একের বোঝা’, কেন বললেন তাইজুল

‘দশের লাঠি একের বোঝা’, কেন বললেন তাইজুল

সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশকে আগামী দুই দিনে তুলে নিতে হবে পাকিস্তানের ১০ উইকেট। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নামবে পাকিস্তান দল। এমন  জায়গা থেকে বাংলাদেশের জন্য জয়ের সমীকরণ অনেকটাই সহজ, তারপরও জিততে হলে দলের সবারই অবদান রাখতে হবে বলে মনে করেন তাইজুল। তার মতে, সবাই মিলে ছোট ছোট অবদান রাখতে পারলে কঠিন কাজও অনেক সময় সহজ হয়ে যায়।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, 'একটা কথা আছে না যে দশের লাঠি একের বোঝা আরকি। তো ওরকম আরকি। যখন পাঁচজন বোলারই ভালো করবে, আসলে নিজের কাজটাও সহজ হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা সময় এরকমও হয়েছে যে ৫ উইকেট পেয়েছি কিন্তু অনেক ওভার বল করতে হয়েছিল। কিন্তু এখন ওই জিনিসটা কমে আসছে আরকি।'

নিজের ব্যাটিং নিয়ে তাইজুল বলেন, 'আমি যতক্ষণ রান করতে পারবো হয়তোবা দলের জন্য লাভ হবে। সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে যে ভেতরে একটা ব্যাটার ব্যাটার একটা চিন্তা আসে আরকি। অনেকদিন ধরে খেলছি, তো এই সময় এসে যদি আমি ২০-৩০-৪০ রান যদি দলকে না দিতে পারি আসলে এটা একটা বড় ব্যর্থতা।'

'আমি যেটুকুই ব্যাট করতে পারি বা করি আসলে আমি আমার দক্ষতা কতখানি তা আমি জানি না কিন্তু আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে। যে না আমি পারবো বা আমার সাথে যদি ব্যাটার থাকে, আমি চেষ্টা করি তাকে যতটুকু সাহায্য করে রানটাকে বাড়ানো যায়।'-যোগ করেন তিনি।

উইকেট তুলতে রান আটকাতে হবে বলে মনে করেন তাইজুল, 'গত ইনিংসে যেমন দেখেছেন ওই ভূমিকাটাই থাকবে। রান আটকে রেখে যতটা উইকেটটা তুলে আনা যায় আরকি। কিন্তু এখানে খরুচে কিছু করা যাবে না। আমি তখনই বলছিলাম যে আমাদের অনেক শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। উইকেট এখনো খারাপ বলব না আমরা।'

এসএইচ/এইচজেএস