বিজ্ঞাপন

আগামীকাল ফাইনাল হবে তো?

আগামীকাল ফাইনাল হবে তো?

আগামীকাল ফেডারেশন কাপের ফাইনাল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফাইনালের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যায়নি। আজ বিকেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মোহামেডান ও বসুন্ধরা কিংস দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন। এরপরও কালকের ভেন্যু নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বাফুফে সভাপতির সাথে আলাপের পর বলেন, 'কিংস অ্যারেনায় কিংসের বিপক্ষে আমরা খেলব না। এই সিদ্ধান্তে অটল আছি।' বসুন্ধরা কিংসের প্রতিনিধি হয়ে এসেছিলেন কোচ বায়েজিদ জোবায়ের আলম নিপু। তিনি বলেন, 'আগামীকালের ফাইনাল কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা আমরা দিয়েছি। এটা ফেডারেশনই ঠিক করেছিল ৷এখন তারাই সিদ্ধান্ত দেবে।' 

মোহামেডানের দাবি ফাইনাল ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে। কিংস অ্যারেনার পরিবর্তে অন্য ভেন্যুতে খেলা হলে তেমন আপত্তি নেই নিপুর, 'আগামীকাল ফাইনাল হবে সেটা যেখানেই হোক। আমরা ফুটবলের স্বার্থে খেলব।' ফাইনালের ২৪ ঘন্টা আগে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ও পূর্ব নির্ধারিত সূচিতে ক্লাবের দাবির প্রেক্ষিতে ভেন্যু বদল হলে সেটা ফুটবলের জন্য নেতিবাচক মনে করেন নিপু , 'এটা অবশ্যই নেতিবাচক বার্তা যাবে। এটা মোহামেডানের আগে জানানো উচিত ছিল যে তারা কিংস অ্যারেনায় খেলবে না কিংস ফাইনালে উঠলে।'

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, 'আমি এখন আশাবাদী আগামীকালের ম্যাচ নিয়ে, যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখনো অবস্থান মানে আছে, উনারা খেলতে চাচ্ছেন না। বসুন্ধরা কিংস এখনো উনাদের অবস্থান ক্লিয়ার করছেন না। বাট আমি চেষ্টা করেছিলাম দুই ক্লাবের রিপ্রেজেন্টিটিভকে নিয়ে একটু শোনা যে দুই পক্ষ কি আছে। আলটিমেটলি আমরা ফুটবল ফেডারেশন থেকে একটা ফাইনাল সিদ্ধান্ত আজকে রাতে আমরা দিয়ে দিব। সো সেই জায়গাটাতে আমি দুই ক্লাবের সাথে কথা চলমান রাখবো ব্যক্তিগতভাবে।'

'আমি বিশ্বাস করি অতীতে যেরকম আমরা একটা ওউইন-উইন সিচুয়েশন পেয়েছিলাম, আমাদের ক্লাব সবসময় এগিয়ে এসেছিল ফুটবলের উন্নয়নে অ্যান্ড বিএফএফের সাথে থাকতে, আমি বিশ্বাস করি সেরকমই একটা চূড়ান্ত সিদ্ধান্ততে আমরা যেতে পারবো। বাট কোনো সিদ্ধান্তই আমি দিব না আনটিল আমি দুই ক্লাবকেই বুঝাপড়ার মাধ্যমে তাদের বিশেষ করে মন জয় করে একটা সিদ্ধান্ত ডিক্লেয়ার না করতে পারি। বাট আই অ্যাম হোপফুল যে মানে পজিটিভ কিছু একটা আউটকাম হবে।'

এজেড/এইচজেএস