বিজ্ঞাপন

ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির

ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির

অনেক বছর ধরে জাতীয় দলে নেই সাব্বির রহমান। তবে এখনও দেশের ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির খেলছেন প্রতিনিধিত্ব করছেন আবাহনী লিমিটেডের হয়ে। জাতীয় দলে ফেরার আশা এখনও হারাচ্ছেন না এই হার্ডহিটার ব্যাটার।

আজ মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘যে-ই খেলুক না কেন, বাংলাদেশ দল যেন ভালো করে এটাই মূল বিষয়। অবশ্য জাতীয় দলের জায়গা করে নেওয়া চেষ্টা থাকবে। সেজন্যই ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরেরবার হবে, পরেরবার না হলে তার পরেরবার। হাল কখনও ছাড়ব না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমার ক্যারিয়ার আছে, চেষ্টা করে যাব।’

অধিনায়ক মোসাদ্দেককে প্রশংসা করে সাব্বির বলেন, ‘মোসাদ্দেক তো ১৪ বছর ধরে খেলছে। আবাহনী সম্পর্কে তার সবই মুখস্থ। এই দলে এটা আমার দ্বিতীয় বছর। টিম লিডার হিসেবে খুবই ভালো। সবাইকে স্বাধীনতা দেয়। যে যার মতো খেলতে পারে। সেও খুব ভালো ফর্মে আছে। মিডল অর্ডারে ভালো সাপোর্ট দিচ্ছে।’

এ সময় নিজের ফর্ম ও প্রস্তুতি নিয়েও কথা বলেন সাব্বির, ‘আসলে ট্র্যাকে তো সবসময় ছিলাম। কখনও অন কিংবা কখনও অফ ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যে কয়টা ম্যাচ খেলছি ভালো খেলার চেষ্টা করছি। প্রস্তুতি ভালো হচ্ছে।’

মিরপুরে কেন প্র্যাকটিস করতে আসেন না ব্যাখ্যা করে সাব্বির বলেন, ‘রাজশাহীর ছেলে, রাজশাহীতে প্র্যাকটিস করি। খোলা মাঠে প্র্যাকটিস করার সুযোগ থাকে। মিরপুরে অনেক গেদারিং হয়ে যায়, প্র্যাকটিসের সুযোগ সেভাবে হয় না। সময় কম থাকে। রাজশাহীতে মন ভরে, সময় নিয়ে প্র্যাকটিস করতে পারি। ফলাফল আসছে আস্তে আস্তে। আরও ভালো খেলার চেষ্টা করছি।’

এসএইচ/এমএমএম