আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেস। তবে অফিশিয়ালি ২৭ সদস্যের দল হলেও কোচ একে বর্ণনা করেছেন ‘২৭+১’ হিসেবে। এই ‘প্লাস ওয়ান’ আর কেউ নন, তিনি পর্তুগালের সাবেক ফুটবলার দিয়েগো জটা। যিনি গত বছরের জুলাইয়ে মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আবেগাল্পুত হয়ে পড়েন কোচ রবার্তো মার্তিনেস। প্রয়াত জটার শূন্যতা আর তার অপূর্ণ স্বপ্নকে কাঁধে নিয়ে এবার মাঠে নামবে পর্তুগাল।
মার্তিনেস বলেন, ‘দিয়েগো জটাকে হারানো আমাদের সবার জন্য এক অবিস্মরণীয় এবং অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। কিন্তু তার চলে যাওয়ার পরদিনই আমাদের সবার কাঁধে দায়িত্ব চলে আসে তার সেই বিশ্বকাপ জয়ের স্বপ্নটার জন্য লড়াই করার। দিওগোর সেই স্পিরিট, সেই শক্তি আমাদের দলে সবসময় থাকবে। সে আমাদের দলের চিরকালের প্লাস ওয়ান।’
— Portugal (@selecaoportugal) May 19, 2026
এদিকে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়ে ড্রেসিংরুম থেকে শুরু করে ডাগআউট- সবখানেই দিওগো জটার এই অদৃশ্য উপস্থিতি দলকে অনুপ্রেরণা জোগাবে।
কোচ মার্তিনেসের এই ‘২৭+১’ সদস্যের দল আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপের অভিযান শুরু করবে। গ্রুপ ‘কে’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।
এমএমএম/
