১০০ মিটারের পর অ্যাথলেটিক্সের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট ২০০ মিটার। ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সে এই ইভেন্টে আলো কেড়েছেন আব্দুল মোতালেব। বাংলাদেশ সেনাবহিনীর আব্দুল মোতালেব ২১.৮৭ সে. সময় নিয়েছেন।
জাতীয় পর্যায়ে প্রথম স্বর্ণ জিতে বেশ উচ্ছ্বসিত মোতালেব। তিনি বলেন, 'আমার অনেক দিনের ইচ্ছে জাতীয় অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতব। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় অত্যন্ত খুশি।' তার এই স্বর্ণ জয়ের অনুপ্রেরণা বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তার সম্পর্কে বলেন, 'ইমরানুর রহমান আমার আইডল। তার দেয়া ডায়েট ও টিপস আমি অনুসরণ করি। তিনিই আমার অনুপ্রেরণা।'
মোতালেবের বয়স মাত্র ২৪। বিয়ে করেছেন অল্প বয়সেই। আজ সন্তান-স্ত্রী নিয়ে এসেছিলেন। ইমরানের পাশাপাশি স্ত্রীকেও অবদান দিলেন তিনি, 'আমার স্ত্রী কঠিন সময় পাশে থাকে। ওর এই সহযোগিতা না পেলে হয়তো আজ এই অর্জন হতো না।' অ্যাথলেটিক্সে অনেক ইভেন্ট থাকলেও অনেক অ্যাথলেটের লক্ষ্য থাকে দ্রুততম মানব হওয়ার। মোতালেবও চান আগামীবার দ্রুততম মানব হতে, 'অনেকেই চায় দ্রততম মানব হতে। আমিও চাই, আগামী বছর সেই লক্ষ্যপূরণ করতে চাই।'
জাতীয় অ্যাথলেটিক্সে ৩য় দিনে ৩টিসহ ৯টি জাতীয় রেকর্ড হয়েছে। ২১ টি স্বর্ণ পেয়ে শীর্ষে নৌবাহিনী। তামিম হোসেন ও স্বপ্না খাতুন যথাক্রমে সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেরা কোচ/সংগঠকের স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর মোঃ আনসার আলী।
২০০ মিঃ স্প্রিন্ট মহিলা ইভেন্টে স্বর্ণ জিতেছেন দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার। ৪০০ মিঃ স্প্রিন্ট মহিলা ইভেন্টে ৫৭.১১ সে. (ই) সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর নুসরাত জাহান রুনা। ৪০০ মিঃ স্প্রিন্ট পুরুষ ইভেন্টে ৪৭.০৮ সে.(ই) সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবহিনীর মোঃ লুসাদ ইসলাম। ৪*৪০০ মিটার রিলে পুরুষ ও মহিলা দুই ইভেন্টেই স্বর্ণ পদক বাংলাদেশ সেনাবাহিনীর।
৩ দিনে মোট ৪০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ২১ টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ মোট ৪৭টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে। টি স্বর্ণ, ১৭ টি স্বর্ণ ২০টি রৌপ্য এবং ২০ টি ব্রোঞ্জ সহ মোট ৫৭ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ সহ মোট ০৯ টি পদক নিয়ে ৩য় অবস্থান অর্জন করেছে বিকেএসপি।
এজেড/এইচজেএস
