বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। হারের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে প্রত্যাশিতভাবেই হতাশ সফরকারীরা। ম্যাচের পর খোলামেলা কথা বলেছেন অধিনায়ক শান মাসুদ। তার মতে, টেস্ট ক্রিকেটে ছোট ছোট ভুলই বড় পার্থক্য গড়ে দেয় এবং পাকিস্তান সেই ভুলেরই খেসারত দিচ্ছে।
শান মাসুদ বলেন, 'টেস্ট ক্রিকেটে আপনি যেকোনো ভুলের জন্যই শাস্তি পাবেন। এই ফরম্যাট খুবই কঠিন এবং এখানে সবসময় সেরাদের সেরারাই খেলে। এখানে সহজ কোনো ম্যাচ নেই এবং ফল বের করে আনতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।'
পাকিস্তান দল ভালো অবস্থানে গিয়েও ম্যাচ শেষ করতে না পারাকে বড় সমস্যা হিসেবে দেখছেন শান, 'আমার মনে হয়, দল হিসেবে আমাদের সেটাই করতে হবে। আমরা নিজেদের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম। আমি হাতে গোনা কয়েকটি টেস্ট ম্যাচের কথাই বলতে পারি, যেখানে আমরা পুরোপুরি প্রতিপক্ষের কাছে হার মেনেছি।'
বেশিরভাগ ম্যাচেই পাকিস্তান লড়াইয়ে থেকেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে মনে করেন শান, 'বাকি প্রায় সব ম্যাচেই আমরা এমন অবস্থানে ছিলাম, যেখান থেকে ভালোভাবে শেষ করতে পারিনি—হোক সেটা বোলিংয়ে বা ফিল্ডিংয়ে। পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে সেটা করে যেতে হয় এবং এই দলটির জন্য সেটাই সবচেয়ে বড় শিক্ষা।'
এসএইচ
