ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃপ্ত হতে চান না। আগামীতে অস্ট্রেলিয়া সফরের মতো কঠিন অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।
পাকিস্তানকে আরও একবার হোয়াইটওয়াশ করার পর শান্ত বলেন, ‘কৃতিত্ব খেলোয়াড়দের, তারা কঠোর পরিশ্রম করেছে। আমরা কিছু পরিবর্তন এনেছি, দল গড়ে তোলার চেষ্টা করেছি। ওয়ার্ল্ড ক্রিকেট দেখুন, দল গড়ে তুলতে হলে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। আশা করি, আমরা এভাবেই খেলে যাব।’
ভালো উইকেট আর ভালো প্রস্তুতিতে পাকিস্তান বধ জানিয়ে শান্ত জানান, ‘কিউরেটর ও খেলোয়াড়দের সব কৃতিত্ব দিতে হবে। আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, এটা আমাকে এমন কন্ডিশনে ভালো করতে সহায়তা করেছে। ফাস্ট বোলাররা এই গরমে এবং ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেল এন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।’
টেস্ট দলের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেও ভালো করার আশা ব্যক্ত করেন শান্ত, ‘এখন গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ে সিরিজ। আমরা গত চক্রে ভালোই করেছি বিদেশের মাটিতে। এ বছর চ্যালেঞ্জিং কিছু সফর আছে। নতুন অভিজ্ঞতা হবে। ভালো খেলতে থাকলে সেখানেও ভালো করব, ইনশাআল্লাহ।’
এসএইচ/এমএমএম
