গতকাল মঙ্গলবার লখনৌর বিপক্ষে রাজস্থানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন বৈভব সূর্যবংশী। ৩৮ বলে বিধ্বংসী ৯৩ রানের ইনিংস খেলেছেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি পাননি। তবে অর্ধশতরানের পরই বিশেষ উদযাপন করতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে সেটার কারণ জানিয়েছেন এই ওপেনার।
হাফ সেঞ্চুরির পর আঙুল দিয়ে ইংরেজির ‘এ’ অক্ষর দেখিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করেন বৈভব। এ প্রসঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, 'এমনিই তা করেছি। আগের ম্যাচেও যে উচ্ছ্বাস করেছিলাম তার আলাদা কোনো অর্থ ছিল না। প্রত্যেক ম্যাচেই নতুন কিছু করতে চাই।'
পরে রাজস্থানের পোস্ট করা একটি ভিডিওতে বৈভব বলেন, 'ওই উদযাপন আমার মাকে উৎসর্গ করা। তার নাম ‘এ’ দিয়ে শুরু। এটা সবাইকে বলতে চাইছিলাম না। কারণ সামনের দিনেও এটা করব। তবে আজকের উচ্ছ্বাস মায়ের জন্য ছিল।'
জয়পুরে স্বাগতিক রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২০ রান তোলে। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়েন মিচেল মার্শ। এ নিয়ে চলতি আসরে দু’বার নব্বইয়ের ঘরে তিনি রানআউট হলেন। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই অস্ট্রেলিয়ান তারকা। এ ছাড়া জশ ইংলিস ২৯ বলে ৬০ ও ঋষভ পান্ত ৩৫ রান করেন।
লক্ষ্য তাড়ায় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন বৈভব সূর্যবংশী। ৫ বল এবং ৭ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে রাজস্থান। বৈভবও কাটা পড়েছেন নব্বইয়ের ঘরে। ৩৮ বলে ৭ চার ও ১০ ছক্কায় তিনি ৯৩ রান করেন।
এ ছাড়া ধ্রুব জুরেল ৫৩ এবং জয়সওয়াল ৪৩ রান করে জয় ত্বরান্বিত করেন রাজস্থানের। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলে সর্বোচ্চ ৪ ম্যাচে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড গড়ল। দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার করে এমন জয় আছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। আর সবমিলিয়ে ৭ বার দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জিতে তিন নম্বরে আছে রাজস্থান। এদিক থেকে তাদের উপরে আছে পাঞ্জাব (১১) ও মুম্বাই ইন্ডিয়ান্স (৮)।
এইচজেএস
