জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে একইসঙ্গে প্রতিপক্ষের শক্তিমত্তা ও কঠিন চ্যালেঞ্জের বিষয়টিও দেখছেন তিনি। তার মতে– আইপিএলে খেলার কারণে অজি ক্রিকেটারদের এখানকার কন্ডিশন নিয়ে ধারণা আছে এবং সেজন্য চ্যালেঞ্জটা আরও বেশি হবে।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। সাইফউদ্দিন বলেন, ‘আমাদের বিগত হোম সিরিজগুলোতে দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি। নিউজিল্যান্ড, পাকিস্তান ওদের সঙ্গে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি।’

তবে অস্ট্রেলিয়াকে ভিন্ন মাত্রার প্রতিপক্ষ হিসেবেই দেখছেন এই অলরাউন্ডার। আইপিএলে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভালো ধারণা আছে। সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। আর যেহেতু ওদের বেশিরভাগ খেলোয়াড় আইপিএল খেলছে, আমাদের চেনা কন্ডিশনেই তো। অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে।’
তবুও কঠিন এই পরীক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ দল। চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়েই টাইগাররা মাঠে নামতে চায় বলে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার, ‘আমরা চেষ্টা করব, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা নেওয়ার জন্য।’
প্রসঙ্গত, আগামী ৯ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এরপর দু’দল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
এসএইচ/এএইচএস
