বিজ্ঞাপন

বিসিবি নির্বাচন

সি ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর

সি ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ আগেই চূড়ান্ত হয়েছিল। গেল শনিবার (১৬ মে) ঘোষণা করা হয়েছিল নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগেই ‘সি’ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর।

১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। গতকাল এবং আজ ছিল পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহের শেষ দিন। আর এই দুই দিনে ঢাকার ক্লাব থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন।

এরমধ্যে তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেনরা রয়েছেন। 

ক্যাটাগরি ‘সি’ থেকে একজনই মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন আলমগীর। সর্বশেষ কয়েকটি নির্বাচনে এই ক্যাটাগরিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার আর কোনো প্রার্থী না থাকায় তিনি অনায়াসে জিততে চলেছেন। এর আগে ২০১২ সালে বোর্ডের পরিচালক ছিলেন সিরাজউদ্দিন আলমগীর। অর্থাৎ, ১৬ বছর পর তিনি আবারও দেশের ক্রিকেট সংস্থার নির্বাহী পর্ষদের ফিরছেন।

এ ছাড়া জেলা বিভাগ থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। তার মধ্যে ঢাকা বিভাগ থেকে ৪ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৩ জন, খুলনা বিভাগ থেকে ৩ জন সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। বাকি রংপুর, বরিশাল, রাজশাহী এবং সিলেট থেকে ১০ জন সংগ্রহ করেছেন। আগামীকাল শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার।

এসএইচ/এইচজেএস