গত জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর কঠিন সময়ে দায়িত্ব পান ম্যাইকেল ক্যারিক। তার ছোঁয়ায় বদলে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। না কোনো শিরোপা জিততে পারেনি তারা, কিন্তু দারুণ ফর্মের ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।
দলের এমন সাফল্যের বড় পুরস্কার পেয়ে গেলেন ক্যারিক। ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থেকে ম্যানইউকে চমৎকার সাফল্য এনে দেওয়ার কারণে তাদের ডাগআউটে স্থায়ী হলেন ৪৪ বছর বয়সী ট্যাকটিশিয়ান।
দুই বছরের জন্য ক্যারিককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ম্যানইউ। মিডলসবোরোর সাবেক কোচের অধীনে গত রোববার নটিংহাম ফরেস্টকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থান সুনিশ্চিত করে তারা।
ক্যারিক দায়িত্ব গ্রহণের পর ১৬ ম্যাচে ১১টি জিতেছে ম্যানইউ। এই সময়ে তারা পেয়েছে ৩৬ পয়েন্ট, ১৩ জানুয়ারি তার নিয়োগের পর থেকে এত পয়েন্ট শীর্ষ লিগের আর কোনো দল পায়নি।
এর আগে ২০২১ সালে উলে গুনার সুলশার বরখাস্ত হলে ইউনাইটেডের অস্থায়ী কোচ হন ক্যারিক। তিন ম্যাচ দায়িত্বে থেকে সবাইকে মুগ্ধ করেন। ওল্ড ট্রাফোর্ডে খেলোয়াড় হিসেবেও ১২ বছর পার করেছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার। ক্লাবটির হয়ে পাঁচ প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপেও ট্রফি ছুঁয়ে দেখেছেন।
এফএইচএম
