ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ হিসেবে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন। বছরের পর বছর দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো তাকে জাতীয় দলের কোচিং প্যানেলে দায়িত্ব দেওয়া হয়, যার শেষ হয়েছে ১৮ মাসেই।
সালাউদ্দিন নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগে। তাকে নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘সালাউদ্দিন ভাই ছিলেন অনেক অভিজ্ঞ একজন কোচ, আমার অভিজ্ঞতাগুলো আমি উনার সাথে ভাগাভাগি করতাম। তারপরে হয়তোবা আমি খেলোয়াড়ের সাথে ভাগাভাগি করতাম। সেই কাজটা এখনও করছি। সালাউদ্দিন ভাইকে সামনে নিশ্চিতভাবেই মিস করব, উনি আমাদের সাথে যেহেতু থাকছেন না।’
টেস্ট সিরিজ নিয়ে পরে আশরাফুল বলেন, ‘গত চার টেস্ট ম্যাচে আমাদের সাতটা সেঞ্চুরি হয়েছে, প্রায় ১২ থেকে ১৪ টা অর্ধশতক হয়েছে এবং অর্ধশতকগুলাও বড় বড়। আপনি যদি দেখেন যে মমিনুল ৯১ ও ৮২, সাদমান ৮০ করেছে। তো মমিনুল টানা পাঁচ ইনিংসে পাঁচটা অর্ধশতক করেছে। তো এই জিনিসগুলা অবদান রেখেছে আমাদের ভালো খেলার পেছনে।’
জাতীয় দলের সঙ্গে কাজ করা সহজ হচ্ছে বললেন আশরাফুল, ‘আমি বাংলাদেশ দলে ঢুকেছি ছয় মাস হয়েছে। আমাদের টেস্ট দলটা কিন্তু সবচেয়ে অভিজ্ঞ। আপনি যদি দেখেন যে আমাদের প্রায় চার-পাঁচ জন খেলোয়াড় আছে যারা পঞ্চাশের বেশি টেস্ট ম্যাচ খেলেছে। মুশফিক তার ১০০তম টেস্ট খেলেছে, মমিনুল ৭৮টি টেস্ট ম্যাচ খেলেছে। তো এই ধরনের একটা দল যখন খেলে তখন আসলে কাজ করাটা সহজ। কারণ তারা জানে তাদের কী করতে হবে।’
এসএইচ/এফএইচএম
